নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও নারায়ণগঞ্জ-৫ আসনে সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম ওসমান ও তাদের স্ত্রী-সন্তানদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২০ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্ট জব্দ করতে বলেছে। বিএফআইইউর সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পরবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।
লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউর চিঠিতে বলা হয়েছে।
চিঠিতে শামীম ওসমান, তার স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে অয়ন ওসমান ও মেয়ে লাভিবা যোহা এবং এ কে এম সেলিম ওসমান ও তার স্ত্রী নাসরিন ওসমানের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
