পানি নিয়ে ভারতীয় আগ্রাসন বন্ধে সোনারগাঁয়ে মানববন্ধন

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৭:৫৯ পিএম

ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বণ্টন, অসম চুক্তি বাতিল এবং সীমান্তে হত্যা বন্ধের দাবিতে সোনারগাঁয়ে মানববন্ধন হয়েছে। দেশপ্রেমী তরুণ সমাজের ব্যানারে শুক্রবার (২৩ আগস্ট) বিকালে সোনারগাঁ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়। 

এ সময় বক্তারা অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেন, ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশ আজ কঠিন সংকটে। আকষ্মিক বন্যায় তলিয়ে গেছে অনেক জেলা। ভারতের কারণে বর্ষাকালে বন্যা এবং গ্রীষ্মকালে খরার কবলে পড়ছে বাংলাদেশ। ভারতের এসব অসম এবং আগ্রাসী পদক্ষেপ বন্ধে কূটনৈতিক তৎপরতা জোরদার এবং নদী খনন করে বাঁধ নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধান করার দাবি তোলেন তারা।

এছাড়াও বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক বাংলাদেশ অবৈধভাবে চাকরি-ব্যবসা করে দেশের অর্থ পাচার করছে উল্লেখ করে তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি ওঠে। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োজিদ, রিফাত ভূঁইয়া, মুশফিকুর রহমান, সালমান, আব্দুল্লাহ আল চাঁদ, পলাশ, শাহাদাৎ প্রমুখ।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত