সিদ্ধিরগঞ্জে শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে আরেক হত্যা মামলা

আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০৮:৩৪ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের ৫১ জন নেতাকর্মীর বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হাফেজ সোলায়মান (১৯) নিহতের ঘটনায় তার ভগ্নিপতি শামীম কবির বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক। 

নিহত সোলায়মান মাদারীপুর জেলার রাজৈর থানার কবিরাজপুর গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে। বাদী শামীম কবির চাঁদপুর জেলার হাইমচর থানার চরভাঙ্গা গ্রামের মৃত হুমায়ূন কবিরের ছেলে।   

মামলার এজাহারনামীয় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক এমপি শামীম ওসমান।   

এজাহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পণ্ড করার জন্য গত ৫ আগস্ট আসামিরা একজোট হয়ে পিস্তল, শর্টগান, ককটেল ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি করে। এ সময় ১ থেকে ৬ নম্বর আসামির নির্দেশে আসামিরা ছাত্র-জনতাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। তখন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকায় দুপুর দেড়টার দিকে সোলায়মান গুলিবিদ্ধ হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে বিকেল সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত