কিশোরগঞ্জ জেলার মিঠামইনে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন এলাকাবাসী।
সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। হামলার সময় বাড়িতে কেউ ছিল না।
স্থানীয়রা জানায়, সোমবার দুপুরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় হয়। ওই রায়কে স্বাগত জানিয়ে রাত ১০টার দিকে উচ্ছ্বসিত উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী- সমর্থকরা মিঠামইন সদর বাজারে একটি আনন্দ মিছিল বের হয়।
আনন্দ মিছিলটি রাত সাড়ে ১০টার দিকে কামালপুর এলাকা অতিক্রম করার সময় একদল লোক এ গ্রামে অবস্থিত সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে অতর্কিত হামলা চালায়। তারা বাড়িতে দরজা ভেঙে ঘরে ঢুকে চেয়ার, টেবিল, সোফা, ফ্রিজসহ বিভিন্ন মূল্যবান আসবাবপত্র ভাঙচুর করে।
মিঠামইন থানার ওসি আলমগীর কবির বলেন, বিএনপির একটি আনন্দ মিছিল থেকে ঘটনাটি ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে পুলিশ ও সেনাবাহিনি গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
