চোটে মাঠের বাইরে বেলিংহ্যাম

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৮:১৪ পিএম

অনুশীলনের সময় চোট পেয়েছেন জুড বেলিংহাম। যা সেরে উঠতে প্রায় এক মাস সময় লাগবে। আর তাই সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে।

ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন তাদের এক প্রতিবেদনে জানিয়েছে বেলিংহ্যামের চোটের কথা।

বেলিংহ্যামের চোট নিয়ে রিয়ালের বিবৃতিতে বলা হয়, ‘রিয়াল মাদ্রিদের চিকিৎসক দল জুড বেলিংহামের ওপর পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছে, ডান পায়ের উপরিভাগের মাংসপেশিতে তিনি চোট পেয়েছেন।’ঠিক কত দিন বেলিংহামকে মাঠের বাইরে থাকতে হবে সে বিষয়ে বিবৃতিতে কিছুই জানায়নি রিয়াল। তবে মাদ্রিদের ক্লাবটি যে তাকে বেশ কিছু ম্যাচে পাচ্ছে না, সেটা নিশ্চিত।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, লা লিগায় রিয়াল ভায়োদোলিদ (রবিবার), লাস পামাস (২৯ আগস্ট) ও রিয়াল বেতিসের (১ সেপ্টেম্বর) বিপক্ষে তাকে পাবে না রিয়াল। এ ছাড়া সেপ্টেম্বরে ইংল্যান্ডের হয়ে নেশনস লিগে আয়ারল্যান্ড ও ফিনল্যান্ডের বিপক্ষে ম্যাচেও খেলতে পারবেন না বেলিংহ্যাম। ডাবলিনে ৭ সেপ্টেম্বর আয়ারল্যান্ড এবং লন্ডনে ১০ সেপ্টেম্বর ফিনল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড।

শুক্রবার সংবাদ সম্মেলনে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, ‘বেলিংহাম আঘাত পেয়েছে। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি।’

মাঠের বাইরে ছিটকে পড়ার হতাশাটা ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন বেলিংহ্যাম, ‘ম্যাচ খেলতে না পারাকেই সবচেয়ে বেশি ঘৃণা করি। তবে এর ইতিবাচক দিকগুলোও বোঝার চেষ্টা করছি। ব্যস্ত একটি বছরের পর আমার শরীর সম্ভবত বার্তা দিচ্ছে, এখন একটু বিশ্রাম প্রয়োজন। আমি খুব হতাশ। তবে মাঠে ফেরার আগপর্যন্ত ভক্ত হিসেবে সতীর্থদের সমর্থন দিয়ে যাব।’

গত সপ্তাহে রিয়ালের উয়েফা সুপার কাপ জয়ে ম্যাচসেরা হন গত মৌসুমে ১৯ গোল করা বেলিংহ্যাম। আগামীকাল ঘরের মাঠে চলতি মৌসুমের প্রথম ম্যাচে রিয়াল ভায়োদোলিদের মুখোমুখি হবে আনচেলত্তির দল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত