মেসিকে ছাড়াই ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ দুইয়ের লড়াই

আপডেট : ২৪ আগস্ট ২০২৪, ০৫:৪২ পিএম

২০২৪ কোপা আমেরিকা ফাইনাল ম্যাচে ইনজুরিতে পড়েন লিওনেল মেসি। এরপর থেকে আছেন মাঠের বাইরে। কবে ফিরবেন সেই বিষয়ে কিছু জানায়নি ইন্টার মায়ামি। তাকে ছাড়াই লিগস কাপ খেলে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছে দলটি। তবে মেজর লিগ সকারে ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে আছে ফ্লোরিডার ক্লাবটি।

বাংলাদেশ সময় রবিবার ভোরে মায়ামি খেলবে সিনসিনাতির বিপক্ষে। লিগে ২৫ ম্যাচ শেষে ৫৩ পয়েন্টে শীর্ষে জেরার্দো মার্তিনোর দল। সমান ম্যাচে ৪৮ পয়েন্টে দুইয়ে সিনসিনাটি। ফলে ম্যাচটি ইস্টার্ন কনফারেন্সে শীর্ষ দুই দলের লড়াই হয়ে উঠেছে।

সবশেষ দেখায় গেল জুলাইতে সিনসিনাটির কাছে ৬-১ গোলে হেরেছিল মায়ামি। সেই ম্যাচে ছিলেন না মেসি, সুয়ারেজ, আলবা। মেসি, সুয়ারেজ তখন কোপা আমেরিকা খেলতে জাতীয় দলের সঙ্গে ছিলেন। মেসি যে মায়ামির পরবর্তী ম্যাচেও ফিরছেন না তা নিশ্চিত।

মেসি কবে ফিরবেন আগে থেকে কিছু অনুমান করতে চান না জানিয়ে কোচ জেরার্দো মার্তিনো বলেন, ‘সে প্রতিনিয়ত ভালো অনুভব করছে। তিন–চার দিন ধরে সে মাঠে কাজ করছে। আমরা সময় বলতে পারছি না, কারণ আমরা জানি না।’ 

মায়ামি সবশেষ ম্যাচ খেলেছে লিগস কাপে কলম্বাসের বিপক্ষে। সেই ম্যাচে দুই গোলে এগিয়ে থেকেও ১৩ মিনিটের মধ্যে তিন গোল হজম করে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় মায়ামি। তবে লিগে জয়ের ধারাতেই আছে ফ্লোরিডার ক্লাবটি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত