গাজীপুরের শ্রীপুরে পোশাক কারখানার বকেয়া বেতন পরিশোধ ও হলিডে পেমেন্ট দ্বিগুণ করার দাবিতে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা সেøাগান দিতে থাকেন। গতকাল শনিবার দুপুরে পৌরসভার মাস্টারবাড়ি গিলারচালা এলাকার প্যারামাউন্ট টেক্সটাইল মিলে এ ঘটনা ঘটে।
এতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীরা খাবার পানির সংকটে পড়লে আশপাশের লোকজন সাহায্য নিয়ে এগিয়ে আসেন। তিন ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে কারখানা কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে মহাসড়ক ছেড়ে দেন আন্দোলনরত শ্রমিকরা।
শ্রমিক আল আমীন ও জেরিন সুলতানা বলেন, কারখানার শত শত শ্রমিককে গত ৬ মাস হলিডে পেমেন্ট (ছুটির বিল) আবার অনেকের বেতন-বোনাস দেওয়া হচ্ছে না। আজ (গতকাল) কাজে যোগ দিয়ে দুপুরে সবাই একযোগে মহাসড়কে নেমে আসি। আমাদের দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ করছি। আমরা চাই কর্তৃপক্ষ শ্রমিকদের স্বার্থ দেখবে।
প্যারামাউন্ট টেক্সটাইল মিলস্ লিমিটেডের জিএম সাজ্জাদ হোসেন বলেন, তাদের দাবির পরিপ্রেক্ষিতে হলিডে পেমেন্ট মূল বেতনের দ্বিগুণ করে দিয়েছি। কিন্তু তারা মোট বেতনের দ্বিগুণ দাবি করছে। আমরা বিষয়টি চিন্তা করছি। আপাতত শ্রমিকরা প্রাথমিক আশ্বাস পেয়ে মহাসড়ক ছেড়ে গেছে।
মাওনা হাইওয়ে থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, শুনেছি শ্রমিকরা মহাসড়ক বন্ধ করে আন্দোলন করছে। ঘটনাস্থলে শিল্পপুলিশের সদস্যরা যাওয়ার কথা।
