৩৩ বছরে রাষ্ট্রপতির আদেশে দণ্ড মাফ পাওয়াদের তথ্য চেয়ে আইনি নোটিশ

আপডেট : ২৫ আগস্ট ২০২৪, ০১:৪৩ পিএম

গত ৩৩ বছরে দায়িত্বে থাকা রাষ্ট্রপতিরা কতজনের দণ্ড মাফ করেছেন, তা জানতে চেয়ে আইনি নোটিশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক।

রোববার (২৫ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব, স্বরাষ্ট্রসচিব ও রাষ্ট্রপতি কার্যালয়ের জনবিভাগের সচিবের কাছে এই আইনি নোটিশ পাঠানো হয়েছে। আইনজীবী ওমর ফারুক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

নোটিশে বলা হয়েছে, ১৯৯১ সাল থেকে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত সংবিধানের ৪৯ অনুচ্ছেদের ক্ষমতা বলে রাষ্ট্রপতি কতজন দণ্ড পাওয়া আসামির কারাদণ্ড স্থগিত বা মওকুফ করেছেন। সেই তালিকা আগামী ১৫ দিনের মধ্যে দেওয়ার অনুরোধ করেছেন।

আইনি নোটিশে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতি কীভাবে, কোন প্রক্রিয়ায়, কাদের সুপারিশ বা তদবিরে দাগি, ঘৃণিত, কুখ্যাত সাজাপ্রাপ্তদের ক্ষমা করেছেন, তা জানার অধিকার আছে। গত কয়েক বছর ধরে রাষ্ট্রপতি অনেক অপরাধী, হত্যা মামলার দণ্ডপ্রাপ্তদের ক্ষমা করেছেন। রাষ্ট্রপতির ক্ষমা পেয়ে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন দণ্ড পাওয়া অপরাধীরা জেল থেকে বেরিয়ে আবার মাফিয়া ডন হিসেবে সমাজে আতঙ্ক ছড়িয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত