ভারতে পাচারকালে ৩ নারী উদ্ধার, ভারতীয় পাচারকারী আটক

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১২:১৮ পিএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারের সময় ৩ নারীকে উদ্ধার করেছে বিজিবি। এ সময় বিকাশ সরকার (৪১) নামের এক ভারতীয় পাচারকারীকে আটক করা হয়েছে। 

রবিবার সন্ধ্যা রাতে মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। আটক বিকাশ সরকার পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কল্যানী মাঝের চর গ্রামের রাইমোহনের ছেলে। 

মহেশপুর ৫৮ বিজিবি’র অতিরিক্ত পরিচালক ওবায়েদুর রহমান জানান, বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে নারী পাচার করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় অভিযান চালায় খালিশপুর ৫৮ বিজিবি। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে বিজিবি ২ রাউন্ড ফাকা গুলি বর্ষণ করে। পরে আটক করা হয় ভারতের নদীয় জেলার কল্যাণী এলাকার নারী পাচারকারী বিকাশ সরকারকে। উদ্ধার করা হয় ৩ নারীকে। তাদের বাড়ী নড়াইল ও রাজবাড়ী জেলায়। 

এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে বিকাশ সরকারকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধারকৃত নারীদের একটি সংস্থার মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত