‘আনসারের ছদ্মবেশে যারা এসেছিল তাদের উদ্দেশ্য ছিল বিশৃঙ্খলা করা’

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৫:০২ পিএম

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, জাগ্রত ছাত্রসমাজ যারা স্বৈরাচরের পতন ঘটিয়েছে, তাদের অপরিসীম ত্যাগের ভূমিকা সচিবালয় এলাকার পুরো পরিস্থিতি মোকাবেলা করেছে।

আজ সোমবার (২৬ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষার্থী-আনসার সংঘর্ষে আহতদের দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ড. আসিফ নজরুল বলেন, আনসার সদস্যের দাবি ছিল- রাত দশটার মধ্যে প্রজ্ঞাপন জারি করে তাদের জাতীয়করণ করতে হবে। তারা এমন এক অসম্ভব দাবি তুলেছিল গণ্ডগোল করার জন্য। সচিবালয়ে আরও ভয়াবহ পরিস্থিতি হতে পারত। জাগ্রত ছাত্রসমাজ যারা স্বৈরাচরের পতন ঘটিয়েছে, তাদের অপরিসীম ত্যাগের ভূমিকা পুরো পরিস্থিতি মোকাবেলা করেছে।

ড. আসিফ নজরুল বলেন, যেই ছাত্ররা স্বৈরাচরের পতন ঘটিয়েছে, যারা আমাদের স্বপ্ন এবং যাদের ভবিষ্যতের প্রতিভূ হিসেবে দেখি তাদের রাস্তায় ফেলে কিভাবে নির্মমভাবে মেরেছে। আপনারা তাদের (আনসার সদস্য) যুদ্ধাংদেহী মনোভাব দেখেছেন।

তিনি বলেন, আমাদের ছাত্রদের ওপর, সমন্বয়কদের ওপর, বিশেষ করে হাসনাতের ওপর যে বর্বর হামলা হয়েছে তাদের চিকিৎসার ব্যাপারে খোঁজ নিতে এসেছি। সাধারণ মানুষকেও গুরুতরভাবে আহত করা হয়েছে। দুইজনকে অপারেশন করার প্রয়োজন হচ্ছে। হাসনাতের অবস্থা এখন মোটামুটি ভালো আছে।

আইন উপদেষ্টা বলেন, আমরা মনে করি কাল আনসার বাহিনীর ছদ্মবেশে যারা এসেছিল কোনো দাবি আদায় তাদের এজেন্ডা ছিল না। দাবি আদায় হয় আলাপ-আলোচনার মধ্যে দিয়ে। তারা বারবার আলাপ-আলোচনা করে সম্মত হয়ে ফিরে গেছে এবং বারবার আমাদের ঘিরে ফেলেছে। লাঠি তাদের স্টকে ছিল- আপনারা দেখছেন তারা মারমুখীভাবে ছাত্রদের ওপর নির্যাতন করেছেন।

এ সময় তার সঙ্গে ছিলেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত