ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন প্রো-ভিসি হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সাইমা হক বিদিশা ও ফলিত রসায়ন এবং রাসায়নিক প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলেও জানা গেছে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য হিসেবে অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে মনোনীত করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। মঙ্গলবার এ বিষয়ে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষা সচিব শেখ আব্দুর রশীদ।
বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার এবং উপ-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করছেন অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। এর আগে গত ১০ আগস্ট উপাচার্য পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক ড. মাকসুদ কামাল।
