জাপানের আকাশসীমা লঙ্ঘন করল চীনা সামরিক বিমান

আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১১:২৩ পিএম

জাপানের আকাশসীমা লঙ্ঘন করেছে চীনের সামরিক বিমান। জাপানের সরকারি মুখপাত্র ইয়োশিমাসা হায়াশি সাংবাদিকদের জানিয়েছেন, সোমবার চীনের সামরিক বিমানের আকাশসীমা লঙ্ঘনকে জাপানের নিরাপত্তার ক্ষেত্রে বিপদ বলেই দেখা হচ্ছে। গতকাল মঙ্গলবার তিনি বলেছেন, চীনের সামরিক বিমান যেভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না।

টোকিও জানিয়েছে, চীনের ওয়াই ৯ নজরদারি বিমান দুই মিনিটের জন্য তাদের আকাশসীমায় ছিল। তারা ফাইটার জেটগুলোকে প্রস্তুত করছিলেন। নাগাসাকি এলাকায় ড্যানজো দ্বীপের ওপর দিয়ে চীনের বিমান উড়ে যায়।

হায়াশি বলেছেন, আমরা বিমানসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর এই প্রথম চীনের সামরিক বিমান আমাদের আকাশসীমা লঙ্ঘন করল। জাপানের কাছে চীনা সামরিক কার্যকলাপ বেড়ে গেছে, সরকার এটা খতিয়ে দেখছে। আকাশসীমা লঙ্ঘনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে জাপান প্রস্তুত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত