আপাতত নিজের কাজগুলোর দিকে মনোযোগ দিতে চাই

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০১:২৬ এএম

সম্প্রতি দেশ জুড়ে আলোচনার কেন্দ্রে চলে আসেন টেলিভিশনের উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। ‘টু দ্য পয়েন্ট’ নামের একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন তিনি। ধৈর্য ও আচরণ দিয়ে নজর কাড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব প্রচারের পরই আলোচনার সৃষ্টি হয়। সামাজিক মাধ্যমে দীপ্তিকে নিয়ে রীতিমতো আলোচনা চলতে থাকে। যদিও এ বিষয় নিয়ে দীপ্তি সে সময় তেমন কোনো কথাই বলতে চাননি। তবে এই মন খারাপের আকাশের মেঘ অনেকটাই কেটে যাওয়ার পর দীপ্তিকে নিয়ে ফের শুরু হলো নতুন করে আলোচনা। সে সময় দীপ্তি যেমন নেটিজেনদের চোখে পড়েছিলেন, তেমনি চোখে পড়েন চলচ্চিত্র নির্মাতাদেরও। তাকে চলচ্চিত্রের নায়িকা হিসেবেও পেতে চান নির্মাতা-সংশ্লিষ্টরা। দেশের আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া দীপ্তিকে কেন্দ্র করে একটি চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনা করে। সেই মতে দীপ্তির কাছে প্রস্তাবনাও পাঠান প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল আজিজ। তবে এ ক্ষেত্রে আলোচিত এই উপস্থাপিকার দিক থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। তিনি বিনয়ের সঙ্গে এই প্রস্তাবকে না করেছেন।

এ বিষয়ে দীপ্তি চৌধুরী বলছেন, ‘আমি একটি সিনেমায় অভিনয় করার প্রস্তাব পেয়েছি এটা সত্য। আমার সঙ্গে জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল, তবে তিনি আব্দুল আজিজ নন। তার পক্ষ থেকে একজন যোগাযোগ করে পুরো প্রস্তাবনাটি দেওয়া হয়। আমি তখনই সেই প্রস্তাবটিকে না করে দিয়েছি। এটার অন্য কোনো কারণ নেই, আসলে আমি এই মুহূর্তে চলচ্চিত্রে অভিনয় করার কথা ভাবছি না। স্বাভাবিকভাবেই এমন প্রস্তাব আমাকে বিনয়ের সঙ্গে নাকচ করতে হয়েছে।’

তবে দীপ্তি ভবিষ্যতে চলচ্চিত্রে কাজ করবেন কি না, এটা তিনিও নিশ্চিত করে জানেন না। এ প্রসঙ্গে দীপ্তির ভাষ্য, ‘দেখেন এই মুহূর্তে আমি ভেবেছি চলচ্চিত্রে কিংবা অভিনয়েই যাব না। কিন্তু ভবিষ্যতে আসলে কি করব না করব তা তো চূড়ান্ত করতে পারছি না। এখন মনে হচ্ছে, না, আমি অভিনয় করব না; কিন্তু পরে যদি আবার মনে হয় আমি অভিনয় করব? এ কারণে ভবিষ্যতের কথা আমরা নিশ্চিত করে বলতে পারি না।’

দীপ্তিকে চলচ্চিত্রে পেতে চাওয়া জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলছেন, ‘আমাদের প্রতিষ্ঠান থেকে নতুন একটি চলচ্চিত্রের কাজ শুরু করতে যাচ্ছি। সামাজিক বাস্তবতাকে কেন্দ্র করে এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে। ইতিমধ্যে আমরা চিত্রনাট্য সম্পাদনা করেছি। আমরা এই চলচ্চিত্রের জন্য নতুন একটি মুখ নিয়ে ভাবছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না। তাই আমাদের বিকল্প ভাবতে হচ্ছে।’

এদিকে অভিনয় করতে না চাওয়া দীপ্তি চৌধুরী সহজ ও সাবলীল কথা বলছেন। উপস্থাপনার পাশাপাশি তিনি একজন লেখক। লেখালেখির দিকে আরও মনোযোগ প্রসারিত করতে চান। দীপ্তি বলছেন, ‘আমি যে উপস্থাপনা করছি, এখানে আমার আরও শেখার জায়গা রয়েছে, নিজেকে আরও দক্ষ করে গড়ে তোলার জায়গা রয়েছে। এসব দিকে আমি মনোযোগ দেব। একজন উপস্থাপক বা উপস্থাপিকা যথার্থভাবে কাজ করলে সমাজে নানা ধরনের কন্ট্রিবিউশন করতে পারেন। আমি সেদিকে মনোযোগ দিচ্ছি। এ ছাড়া আমি লেখালেখি করি, সেদিকে আমার মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। আর আমি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। এটা নিয়েও আমার অনেক কিছু করার রয়েছে, এসব নিয়েই আপাতত থাকতে চাই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত