আমদানি বাড়াতে রাশিয়াকে আহ্বান প্রধান উপদেষ্টার

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০২:২৮ এএম

বাংলাদেশ থেকে তৈরি পোশাক ছাড়াও অন্যান্য পণ্য আমদানি বাড়ানোর জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ম্যানটিটস্কি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান।

বৈঠকে রাশিয়ার কারিগরি ও আর্থিক সহায়তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ এবং খাদ্য নিরাপত্তা, জ্বালানি অনুসন্ধান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। প্রধান উপদেষ্টা ড. ইউনূস বাংলাদেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধে রাশিয়ার ভূমিকা এবং চট্টগ্রাম বন্দরে এর গুরুত্বপূর্ণ মাইন পরিষ্কার কার্যক্রমের কথা স্মরণ করেন। তিনি রাশিয়ার দূতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন, ‘আমাদের রপ্তানিতে বৈচিত্র্য আনতে হবে।’

ম্যানটিটস্কি বলেন, রাশিয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার। কারণ রাশিয়া গুরুত্বপূর্ণ খাদ্যশস্য ও সার রপ্তানি করে। গত বছর রাশিয়া বাংলাদেশে ২ দশমিক ৩ মিলিয়ন মেট্রিক টনের বেশি গম রপ্তানি করেছিল। চলতি বছর এখন পর্যন্ত দুই মিলিয়ন টন ছাড়িয়েছে।

রাষ্ট্র পরিচালিত রাশিয়ান জ্বালানি কোম্পানি গ্যাজপ্রম ভোলা দ্বীপে আরও পাঁচটি গ্যাসকূপ এবং অভ্যন্তরীণ আরও কূপ অনুসন্ধানের আগ্রহ প্রকাশ করেছে বলে রাষ্ট্রদূত জানান। তিনি বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী বছর এটি চালু হবে বলে আশা করা হচ্ছে। রাশিয়াও বাংলাদেশে এলএনজি রপ্তানি করতে আগ্রহী।

প্রধান উপদেষ্টা দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও শিক্ষা সহযোগিতা এবং দুই দেশের  জনগণের সম্পর্কের প্রসারের ওপরও জোর দিয়েছেন। রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন, রাশিয়া আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে সমর্থন অব্যাহত রাখবে।

এর আগে রাশিয়া অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে অভিনন্দন জানায়।

বৈঠকের পর রাশিয়া দূতাবাসে সাংবাদিকদের ব্রিফিংয়ে ম্যানটিটস্কি বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা হয়েছে। অন্তর্বর্তী সরকারের পাশে থেকে সহযোগিতা করবে রাশিয়া।’

এর আগে রাশিয়ার সংবাদমাধ্যম ‘স্পুতনিক’ বাংলাদেশের সাংবাদিকদের জন্য একটি কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অংশ নিয়ে সাংবাদিকদের সনদ বিতরণ করেন রাশিয়ার রাষ্ট্রদূত।

এছাড়া গতকাল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌদি আরবের রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান সৌজন্য সাক্ষাৎ করেছেন। একই দিন প্রধান উপদেষ্টার সঙ্গে ঢাকায় পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফও সাক্ষাৎ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত