সাফ শিরোপা ছাত্র-জনতা আন্দোলনের শহীদদের উৎসর্গ

আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ০৮:০২ পিএম

নেপালকে ৪-১ গোলে ফাইনালে হারিয়ে সাফ অ-২০ টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ দলের কোচ মারুফুল হক ও আজকের অন্যতম গোলদাতা রাব্বি হোসেন রাহুল বাংলাদেশের এই ট্রফি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের উৎসর্গ করেছেন। 

কাঠমান্ডুতে পুরস্কার প্রদান অনুষ্ঠানের আগে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে মারুফুল হক বলেন, 'প্রথমত আমি এই ট্রফি উৎসর্গ করছি গত মাস এবং এ মাসে নতুন বাংলাদেশের জন্য যে নায়কেরা জীবন দিয়েছে, তাদের উদ্দেশে। গত মাসে (বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে) আমরা অনেক নায়ককে হারিয়েছি। এরপর গত কিছুদিন ধরে ভীষণ বন্যা চলছে। অনেক পরিবার খাবার, পানির জন্য ভুগছে। সরকার চেষ্টা করছে (পরিস্থিতি থেকে উত্তরণের)। আমি মনে করি, এই জয় নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সবাইকে অনুপ্রাণিত করবে।'

মারুফের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে আসা ফরোয়ার্ড রাহুলও কোচের মন্তব্যের পুনরাবৃত্তি করেন। 

৬ দলের এই টুর্নামেন্টের শুরুতে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গোলের পর গোলদাতা মিরাজুল ইসলাম আলাদা একটি টি শার্ট পড়েন। সেই টি শার্ট ছিল আবু সাঈদ মুগ্ধর স্মরণে। ফুটবলের মাঠে এ রকম জিনিষ পড়া ঝুকিপূর্ণ হলেও বাংলাদেশ অ-২০ দল সেই ঝুকি নিয়েছিল।

   শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে গোলের পর মিরাজুল ইসলাম আলাদা একটি টি শার্ট পড়েন। সেই টি শার্ট ছিল আবু সাঈদ মুগ্ধর স্মরণে।

৫ আগস্ট রক্তক্ষয়ী অভ্যত্থানে রাজনৈতিক পালাবাদলের পর বন্যায় বাংলাদেশ অনেক ক্ষতি হয়েছে। এমন সময় ফুটবলে এই সাফল্য দেশের মানুষের মনে স্বস্তি এনে দিয়ে থাকবে বলে উল্লেখ করেন কোচ মারুফুল হক ও ফরোয়ার্ড রাহুল ,‘আসলেই আমরা নানা সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের এই ট্রফি দেশবাসীর জন্য খুশির উপলক্ষ্য।’

ম্যাচ জয়ের নায়ক মিরাজুল তার প্রতিক্রিয়ায় বলেন,‘আমাদের দেশে এখন খারাপ অবস্থা, অনেক কিছু হয়েছে, বন্যা চলছে, এই পুরো খেলাটা আমরা বাংলাদেশের মানুষের জন্য খেলেছি। নিজের জন্য আমরা খেলিনি। ফুটবল যেন এগিয়ে যায় এজন্য খেলেছি।'

×
সর্বশেষ সর্বাধিক পঠিত