টিকিট নেই  ‘সাবা’র!

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:০২ এএম

টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে (টিআইএফএফ) প্রদর্শিত হতে যাচ্ছে মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। ৭ সেপ্টেম্বর এ উৎসবে ছবির বিশ্ব প্রিমিয়ার হচ্ছে। এর মধ্যেই অগ্রিম টিকিট ছাড়ার দিনই দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন। যার দরুন প্রথম দিনেই টিকিট ছাড়ার কয়েক মিনিটেই টিকিট শেষ হয়ে যায়। জানা গেছে, এ উৎসবে দর্শকের জন্য ‘সাবা’র তিনটি প্রদর্শনী রয়েছে। বাকি দুটি শো ৮ ও ১৪ সেপ্টেম্বর। আরেকটি শো শুধু আমন্ত্রিত সাংবাদিক, নির্মাতা ও শিল্পীদের জন্য। এদিকে অগ্রিম টিকিট বুকিংয়ের খবরে বন্ধুদের জন্য টিকিট কাটার চেষ্টা করেও কাটতে পারেননি এর অভিনেত্রী মেহজাবীন। জানালেন, পরশু রাতে টিকিট ছাড়ার কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে গেছে। বন্ধুদের জন্য তিনটি টিকিট কাটার চেষ্টা করেও পাননি। সেই সঙ্গে এও জানালেন, প্রিমিয়ারে ছবিটি টরন্টোর বন্ধুদের সঙ্গে বসে দেখতে পারছেন না বলে আফসোসে পুড়ছেন তিনি। আগামী ৮ সেপ্টেম্বরের সিনেমাটির প্রদর্শনীতে থাকবেন বলে জানিয়েছেন মেহজাবীন চৌধুরী। আগামী ২ অথবা ৩ সেপ্টেম্বর টরন্টোর উদ্দেশে উড়াল দেবেন তিনি। বললেন, ‘ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ দেখে ভালো লাগছে। বিশ্বের বিভিন্ন দেশের এত সিনেমা থাকার পরও আমাদের বাংলাদেশের সিনেমার টিকিট শেষ হয়ে গেছে। সিনেমাটা আমার না হয়ে অন্য কারও হলেও বিষয়টা নিয়ে আমি গর্ববোধ করতাম।’ সিনেমাটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। নির্মাণ করেছেন মাকসুদ হোসেন। মেহজাবীন ছাড়া এতে আরও অভিনয় করেছেন রোকেয়া প্রাচী, মোস্তফা মনোয়ার প্রমুখ। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি দেশে মুক্তি পেতে পারে বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত