ব্যাংকে টাকা রাখতে গিয়ে নিখোঁজ ব্যবসায়ী

আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১২:৩৩ এএম

মুন্সীগঞ্জের গজারিয়ায় মোহাম্মদ জনি (৩৩) নামে এক ব্যবসায়ী ১৩ লাখ ৮০ হাজার টাকা ব্যাংকে রাখতে গিয়ে নিখোঁজ হয়েছেন। এদিকে তাকে অপহরণ করা হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে আশঙ্কা করা হয়েছে।

জনি উপজেলার টেংগারচর ইউনিয়নের বড়ইকান্দি ভাটেরচর গ্রামের জামাল মোল্লার ছেলে। তিনি একটি কোম্পানির ডিলারশিপ ব্যবসা করতেন।

গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। অনেক খুঁজেও তাকে না পেয়ে সেদিন রাতেই থানায় জিডি করে তার পরিবার।

জনির বাবা জালাল মোল্লা বলেন, মঙ্গলবার সকালে একটি কোম্পানির ডিও ১৩ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ভবেরচর বাসস্ট্যান্ড এলাকার উদ্দেশে বাড়ি থেকে বের হয় জনি। এরপর থেকে সে নিখোঁজ। ব্যাংকেও টাকা জমা হয়নি।

তার দাবি, টাকার জন্য কেউ তার ছেলেকে অপহরণ করতে পারে। এ ছাড়া গ্রামের একজনের সঙ্গে জমি নিয়ে ঝামেলা চলছে। তিনি দ্রুত ছেলেকে জীবিত উদ্ধারে পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন।

গজারিয়া থানার ওসি রাজিব খান জানান, ব্যবসায়ী নিখোঁজের বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত