পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১০ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেটের আঙিনায় ২৪ বছর কাটিয়ে ফেললেও বড় দলের বিপক্ষে বিদেশের মাটিতে কখনো টেস্ট সিরিজ জেতার স্বাদ পাওয়া হয়নি। এর আগে ২০১৭ সালে অস্ট্রেলিয়া, ২০২২ ও ২০২৩ সালে নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজের প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ম্যাচ হেরে সিরিজ ড্র নিয়ে ক্ষান্ত থাকতে হয়েছিল বাংলাদেশকে। রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের সামনে তাই ইতিহাস গড়ার সুযোগ। তার জন্য প্রয়োজন আরেকটি জয় কিংবা নিদেনপক্ষে ড্র। রাওয়ালপিন্ডিতে আজ থেকে শুরু দ্বিতীয় ও শেষ টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের লক্ষ্যও নিশ্চিত সেটি। অন্যদিকে বাংলাদেশের কাছে হারের পর পাকিস্তান দল সমালোচনায় জেরবার। তারা দলেও এনেছে কিছু পরিবর্তন। বাদ পড়েছেন শাহিন শাহ আফ্রিদি, দলে এসেছেন মীর হামজা। আগের টেস্টে কোনো স্পিনার নেয়নি পাকিস্তান আর বাংলাদেশের ২ স্পিনার চতুর্থ ইনিংসে তুলে নেন ৭ উইকেট। এই বোধোদয় থেকেই এবার পাকিস্তান দলে নিয়েছে লেগস্পিনার আবরার আহমেদকে। ১২ জনের দল ঘোষণা করেছেন পাকিস্তানের লাল বলের কোচ জেসন গিলেস্পি, আজ সকালে আবহাওয়া দেখে নেবেন চূড়ান্ত সিদ্ধান্ত। অন্যদিকে বাংলাদেশ দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘দলের সবার আত্মবিশ্বাস তো এখন খুবই ভালো। এটার অবশ্য যথেষ্ট কারণও আছে। দেখুন পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর কাজটা একেবারে সহজ নয়। তারা খুবই শক্তিশালী দল, এখনো আমরা দ্বিতীয় ম্যাচে ভালো লড়াইয়ের আশা করছি। কন্ডিশনের ওপর নির্ভর করে আমরা কিছু পরিবর্তন আনতে পারি। যখন উইকেট দেখার সুযোগ পাব তখন সিদ্ধান্ত। আমরা এখন পর্যন্ত উইকেট দেখার সুযোগ পাইনি কারণ ঢেকে রাখা ছিল। আগের ম্যাচের চেয়ে এবার আবহাওয়াও একটু ভিন্ন।’
আবহাওয়া আশীর্বাদ হয়ে আসতে পারে বাংলাদেশের জন্য। পূর্বাভাস বলছে আজ রাওয়ালপিন্ডিতে মেঘলা আবহাওয়ার সঙ্গে রয়েছে পুরো দিনে ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া কাল সারা দিন ও টেস্টের পঞ্চম দিন শেষ ভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ক্রিকেটের ফল যেহেতু দিনশেষে মাঠের নৈপুণ্যেই ধার্য হয় তাই প্রথম টেস্টের মতোই ব্যাটে-বলে সময়মতো জ্বলে উঠতে হবে লাল-সবুজ প্রতিনিধিদের।
