প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি বিএনপির

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৯:২৬ এএম

দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

রিজভী জানান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১ সেপ্টেম্বর সকাল ৬টায় ঢাকাসহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে। বেলা ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের (বীরউত্তম) সমাধিতে দলের মহাসচিব ও কেন্দ্রীয় নেতারা পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এদিন বাদ জোহর দলীয় কার্যালয়ের সামনে বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা, সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে শহীদ নেতাকর্মীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা এবং জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আশু সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। একইভাবে সারা দেশেই বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে।

এর আগে গত বুধবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছিলেন, দেশের কয়েকটি জেলায় চলমান বন্যার কারণে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ইতিপূর্বে গৃহীত সব কর্মসূচি বাতিল করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত