দেশের বিভিন্ন স্থানে বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও ত্রাণ সহায়তার পাশাপাশি অব্যাহত চিকিৎসাসেবা প্রদান করে চলেছে বাংলাদেশ নৌবাহিনী। তারই অংশ হিসেবে ফেনীর ফুলগাজী উপজেলায় ৩০ শয্যার একটি অস্থায়ী ‘ফিল্ড হসপিটাল’ স্থাপন করেছে। হাসপাতালটিতে কার্ডিওলজিস্ট, সার্জিক্যাল, অ্যানেস্থেশিয়া, অর্থোপেডিক, শিশু ও মেডিসিন বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম প্রতিনিয়ত ইনডোর ও আউটডোরে সেবা প্রদান করা হচ্ছে।
হাসপাতালটিতে ছোট-বড় বেশ কয়েকটি অস্ত্রোপচার সফলতার সঙ্গে সম্পন্ন হয়েছে। সেবা নিতে আসা রোগীকে বিনামূল্যে ওষুধ, খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট সরবরাহ করা হচ্ছে।
এ ছাড়া খুলনার পাইকগাছায় ভ্রাম্যমাণ হাসপাতালের মাধ্যমে স্থানীয়দের চিকিৎসাসেবা নিশ্চিত করছে। সেখানে কয়েক হাজার মানুষ চিকিৎসাসেবা গ্রহণ করেছে এবং প্রতিদিন শত শত মানুষ চিকিৎসাসেবা নিচ্ছে।
এদিকে অন্য দিনের মতো বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমও অব্যাহত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক প্রয়াস অব্যাহত থাকবে। আইএসপিআর
