দখলবাজ-চাঁদাবাজদের ‘দুস্কৃতিকারী’ অভিহিত করে তাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছেন শামসুজ্জামান দুদু। শুক্রবার (৩০ আগস্ট) দুপুরে এক অবস্থান কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান এই আহ্বান করেন।
তিনি বলেন, ‘দেশটা আমাদের। চারি ধারে কিছু মুখোশধারী বিশৃঙ্খলার সৃষ্টি করছে, চাঁদাবাজীর চেষ্টা করছে। বিএনপি স্পষ্টভাবে বলেছে, এরা দুস্কৃতিকারী। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, এদেরকে ঠেকাতে হবে, এদের পুলিশে দেন।’
‘এই জায়গায় কোনো আপোষ করা যাবে না। সে যেই হোক তাকে মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, অর্থনীতির স্বার্থে, রাজনীতির স্বার্থে এই দুবৃর্ত্তায়ন বন্ধ করতে হবে। যারা করে গেছে তাদের আমরা ১৭ বছর এদের বিরোধিতা করেছি। সেই দুর্বত্তদের সমর্থন করার কোনো সুযোগ নাই। যেখানে যে অবস্থায় পাবেন তাদের আইনের কাছে সোপর্দ করতে হবে।’
এ ব্যাপারে দলের নেতা-কর্মীদের সজাগ থাকার পরামর্শ দিয়ে দুদু বলেন, ‘একে অপরের সঙ্গে বন্ধুত্ব বাড়াতে হবে। সকল রাজনৈতিক দলের ক্ষমতায়নের প্রশ্নে, গণতন্ত্র প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের ঐক্যবদ্ধভাবে সকল সময়ে সর্তক থাকতে হবে।’
জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক অধিকার আন্দোলনের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এই অবস্থান কর্মসূচি হয়।
