সাভারে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি হত্যা মামলা

আপডেট : ৩০ আগস্ট ২০২৪, ০৭:০৮ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাভারে হৃদয় আহমেদ (২২) নামে এক তরুণকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ ৩০৮ জনকে বিরুদ্ধে আরও একটি মামলা করা হয়েছে। এ নিয়ে সাভার মডেল থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাতটি মামলা করা হলো।

শুক্রবার (৩০ আগস্ট) সকালে সাভার মডেল থানায় মামলাটি করেন নিহতের বাবা রাজু আহমেদ। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান।

মামলায় শেখ হাসিনা ছাড়া উল্লেখযোগ্য আসামিরা হলেন- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি  প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি।

মামলার বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকাল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত