যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় মানবিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নে অন্তত তিন দিনের জন্য মানবিক যুদ্ধবিরতি কার্যকর থাকবে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে। এক বিবৃতিতে ডব্লিউএইচও জানায়, প্রতিদিন গাজার স্থানীয় সময় সকাল ৬টা থেকে বেলা ৩টার মধ্যে অন্তত আট ঘণ্টা যুদ্ধ বন্ধ রাখার লক্ষ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। সংস্থাটির প্রত্যাশা ওই তিন দিন অতিবাহিত হওয়ার পরও মানবিক যুদ্ধবিরতি অব্যাহত থাকতে পারে।
ফিলিস্তিনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন জানান, মধ্য গাজায় ১ সেপ্টেম্বর থেকে তিন দিনব্যাপী পলিও টিকাদান কর্মসূচি শুরু হবে। পয়ঃব্যবস্থার অভাব, স্বাস্থ্যসেবায় প্রতিবন্ধকতা ও টিকা-সংকটে গাজায় দ্রুত পলিও ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এমনকি সেটি ইসরায়েলেও বিস্তৃত হতে পারে বলে তেল আবিবকে সতর্ক করা হয়েছে।
এর আগে ফিলিস্তিনি শিশুদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে টিকাদান কর্মসূচির আয়োজনে ইসরায়েলকে চাপ দিয়ে আসছিল জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র। তাদের তীব্র চাপের মুখে এ কর্মসূচি গ্রহণে সম্মত হয়েছে ইসরায়েল। পোলিও টিকাদানের জন্য মানবিক যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মত হওয়ায় ইসরায়েলকে স্বাগত জানিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে সংগঠনটি জানায়, টিকাদান কর্মসূচি বাস্তবায়নে আন্তর্জাতিক সংস্থাগুলোকে সহায়তা করতে প্রস্তুত হামাস। এ ছাড়া ইসরাইলের যুদ্ধবিরতি যাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো। তবে সংকট নিরসনে সাময়িক নয়, স্থায়ী যুদ্ধবিরতির প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের।
