বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আরও চারটি মামলা হয়েছে। এর মধ্যে গতকাল শুক্রবার মুন্সীগঞ্জ সদর, কিশোরগঞ্জ সদর ও ঢাকার সাভার মডেল থানায় একটি করে মামলা হয়। আর বৃহস্পতিবার রাতে আরেকটি মামলা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায়। প্রবল গণআন্দোলনের মুখে পদত্যাগ ও দেশত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে এ নিয়ে শতাধিক হত্যা মামলা হলো।
এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরে এক বিএনপি সমর্থক গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ ২৫৩ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ শহরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক নুর মোহাম্মদ ওরফে ডিপজল নিহতের ঘটনায় শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ ৬০০-এর বেশি ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে। গতকাল সকাল ৯টার দিকে সদর থানায় এ মামলা করেন নিহতের নানি শেফালী বেগম। এজাহারে ৩১৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ মহিউদ্দিন, তার ছেলে মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য হাজি মো. ফয়সাল বিপ্লব, ছোট ভাই সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনিসুজ্জামান আনিস, মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, মুন্সীগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ সাগুফতা ইয়াসমিন এমিলি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ লুৎফর রহমানকে আসামি করা হয়েছে। মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন। গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ জেলা শহরের থানারপুল এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী এবং আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষে রিয়াজুল ফরাজী (৩৮), ডিপজল (১৯) ও মো. সজল (৩০) নামে তিনজন নিহত হন। তাদের সবার বাড়ি শহরের উত্তর ইসলামপুর এলাকায়। নিহত তিনজনই শ্রমিক ছিলেন।
সাভারে যুবক নিহতের ঘটনায় মামলা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাভারে হৃদয় আহমেদ নামে এক যুবক গুলিতে নিহতের ঘটনায় শেখ হাসিনাসহ ৩০৮ জনকে আসামি করে মামলা হয়েছে। গতকাল সকালে সাভার মডেল থানায় মামলাটি করেন নিহত হৃদয় আহমেদের বাবা নাটোরের সিংড়া থানার ছাতারদীঘি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ। সাভার মডেল থানার ওসি আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে সাভার মডেল থানায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে সাতটি মামলা হলো।
গতকালের মামলার এজাহারে শেখ হাসিনা ছাড়া অন্য আসামিদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব এবং সাভার পৌরসভার সাবেক মেয়র আবদুল গনি।
মামলার এজাহারে বলা হয়েছে, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট দুপুরে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঠেকাতে সাভারে পুলিশের নির্বিচার গুলিতে মারা যায় ৩৫ জন। এর প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা পুলিশকে ঘিরে ফেললে বিকেল সাড়ে ৪টার দিকে সাভার থানা রোডের মুক্তির মোড়ে পুলিশ নির্বিচারে গুলি চালালে বুকে ও পেটে গুলিবিদ্ধ হন হৃদয় আহমেদ (২২)। আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৮ আগস্ট সকালে মারা যান হৃদয়।
মামলার বাদী রাজু আহমেদ জানান, বিভিন্ন উৎস থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আসামিদের নাম-ঠিকানা সংগ্রহ করেছেন তিনি। এ ঘটনায় লিখিত অভিযোগের পর পুলিশ সেটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে।
কলেজছাত্রের চোখ নষ্টের ঘটনায় গাজীপুরে মামলা : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গাজীপুরে গুলিতে মো. লিখন (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর চোখ নষ্ট হয়ে যাওয়ার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৭ জনের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানায় মামলা হয়েছে। আহত লিখনের বাবা মনির হোসেন বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। তার বাড়ি জেলার শ্রীপুর উপজেলার লোহাগাছিয়া গ্রামে। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর সদর থানার পশ্চিম জয়দেবপুরের নিয়ামত সড়ক এলাকায় বসবাস করেন। মামলার এজাহারে অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে। সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় শেখ হাসিনা ছাড়াও অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মতিউর রহমান মতি ও সাধারণ সম্পাদক আতাউল্লা মন্ডল।
মামলার এজাহারে বলা হয়, গত ২১ জুলাই বেলা ১১টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার পশ্চিম জয়দেবপুরের শিববাড়ী এলাকায় আন্দোলনকারী ছাত্ররা কোটার বিরুদ্ধে সেøাগান দেওয়ার শেখ হাসিনা ও আ ক ম মোজাম্মেল হকের উসকানি ও হুকুমে অন্য আসামিরা ছাত্রদের ওপর হামলা ও মারধর শুরু করে। মারধরের একপর্যায়ে ছাত্ররা দৌড়ে পালানোর চেষ্টাকালে আসামিরা এলোপাতাড়ি ছররা গুলি ছুড়তে থাকে। তখন ছররা গুলি লিখনের ডান চোখে বিদ্ধ হয়।
কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগে মামলা : কিশোরগঞ্জে আগুনে পুড়িয়ে দুজনকে হত্যার অভিযোগে শেখ হাসিনা, ওবায়দুল কাদের, হাছান মাহমুদ ও কিশোরগঞ্জের চার সাবেক সংসদ সদস্যসহ ৮৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল দুপুরে কিশোরগঞ্জ সদর থানায় মামলাটি করেন মো. মতিউর রহমান নামে এক ব্যক্তি। কিশোরগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
মামলার এজাহারে বলা হয়, গত ৪ আগস্ট দুপুর ২টার দিকে ছাত্র-জনতা বৈষম্যবিরোধী মিছিল নিয়ে কিশোরগঞ্জ শহরের স্টেশন রোডে জড়ো হলে আসামিরা দা, রামদা, কিরিচ, বল্লম, লোহার রড, হকিস্টিক, পেট্রোল বোমা, ককটেল, পাইপগান, শটগান, পিস্তল নিয়ে হামলা করে। আসামি রাসেল আহমেদ তুহিন, শফিকুল আলম, শফিকুল ইসলাম লিমন ঢালী, আল জুবায়েদ খান নিয়াজ, মাহফুজ, ফয়েজ ওমান খান, সাইফুল ইসলাম অপু, মাজহারুল ইসলাম মাসুদ, তৌফীক, সানা, মুরসালিন খান, তাজবীর, সুমন মোল্লা, আমিনুল ইসলাম বকুল, আনোয়ার হোসেন বাচ্চু সরাসরি গুলি করে। এতে মামলার বাদীসহ ছাত্র-জনতা আহত হয়ে খরমপট্টির সৈয়দ আশফাকুল ইসলাম টিটুর বাসায় ও রাস্তার সামনে আশ্রয় নেন। মিছিলকারীরা ওই বাসায় অবস্থান করছে খবর পেয়ে আসামিরা অস্ত্র নিয়ে বাদীসহ ছাত্র-জনতার পিছু ধাওয়া করে। তারা পেট্রোল ঢেলে ওই বাসায় আগুন দেয়। আগুনে বাসায় থাকা জুলকার হোসাইন (৩৮) ও অঞ্জনা (২৮) পুড়ে মারা যান।
গাজীপুরে মোজাম্মেল হকসহ ১০৩ জনের বিরুদ্ধে মামলা : গাজীপুরে বিএনপি সমর্থক রাসেল হোসেন (২০) গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার ঘটনায় নগরীর কোনাবাড়ী থানায় আওয়ামী লীগের ১০৩ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আহত রাসেল হোসেন নোয়াখালীর সোনাইমুড়ি থানার জয়াল গ্রামের মো. সোহাগের ছেলে। তিনি কোনাবাড়ী আমবাগ এলাকায় ভাড়া থেকে একটি কোম্পানিতে চাকরি করেন। আহত রাসেলের মামা মো. মিলন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে মামলাটি করেন। মামলার এজাহারে সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতপরিচয় আরও ১৫০ জনকে আসামি করা হয়।
বাদী এজাহারে উল্লেখ করেন, গত ৫ আগস্ট বিকেলে তিনি ও তার ভাগিনা মো. রাসেলসহ কোনাবাড়ী ও বাইপাইল এলাকার ৩০-৩৫ জন বিএনপি সমর্থিত এবং সাধারণ জনতা আওয়ামী লীগ সরকারের পতনের পর বিজয় মিছিল নিয়ে কোনাবাড়ী বাজারের দিকে যাওয়ার সময় পল্লী বিদ্যুৎ ফ্লাইওভারের নিচে পৌঁছালে এজাহারভুক্ত প্রথম তিন আসামির হুকুমে গুলিতে রাসেল আহত হন।
প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশত্যাগের পর শেখ হাসিনার বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। এরই মধ্যে হত্যা মামলাসহ শতাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম হত্যা মামলা করা হয় ১৩ আগস্ট রাজধানীতে। আর শততম মামলাটি করা হয় গত বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এসব মামলায় শেখ হাসিনা ছাড়াও সাবেক মন্ত্রী, সচিব, সংসদ সদস্য, আওয়ামী লীগের নেতাকর্মীসহ সাংবাদিকদেরও আসামি করা হয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে করা হত্যা মামলাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, গণহত্যার অভিযোগে আটটি মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জমা পড়েছে। আর ৯৪টি মামলা করা হয়েছে দেশের বিভিন্ন থানায়।
প্রতিবেদনটিতে তথ্য দিয়েছেন সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিরা
