বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি), উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের অনুপস্থিতিতে একজন জ্যেষ্ঠ অধ্যাপক দিয়ে জরুরি আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়, যা গতকাল শুক্রবার জানা যায়। শিক্ষা উপদেষ্টার একান্ত সচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিবের একান্ত সচিব ও সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর রেজিস্ট্রারদের এই চিঠির অনুলিপিও পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ পদত্যাগ করছেন। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে উপাচার্যসহ অন্যান্য কর্মকর্তা পদত্যাগ না করলেও কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তাদের পদত্যাগ ও অনুপস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়গুলোর প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে সমস্যা সৃষ্টি হচ্ছে জানিয়ে চিঠিতে বলা হয়, ‘নিয়মিত উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ডিন কাউন্সিল, ক্ষেত্রবিশেষে বিভাগীয় চেয়ারম্যানদের সঙ্গে আলোচনা করে একজন জ্যেষ্ঠ অধ্যাপককে দিয়ে সাময়িকভাবে জরুরি প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।’
