গাজীপুরের কালিয়াকৈরে জমি বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তরা একটি নাট মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকায় এ ঘটনা ঘটে। পরে একজনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। মন্দিরে হামলার প্রতিবাদে হিন্দু-মুসলিম মিলেমিশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
আটককৃতের নাম মুরাদ হোসেন। তার বাড়ি নাটোরের লালপুর থানার আবদুলপুর এলাকায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সফিপুর রঙ্গারটেক এলাকায় একই স্থানে পাশাপাশি সার্বজনীন ও নাট মন্দির এবং শ্মশানঘাট রয়েছে। স্থানীয় লেবু মিয়া ওরফে লেবু ঠিকাদার নামে এক ব্যক্তি দাবি করে আসছেন সেখানে তার আত্মীয়ের নামে ৫ শতাংশ জমি রয়েছে। এ নিয়ে সেখানকার হিন্দু সম্প্রদায় ও লেবু গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকালে লেবু ঠিকাদারের নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন লোক সীমানা প্রাচীর ভেঙে ভেতরে ঢুকে ওই নাট মন্দিরে অতর্কিত হামলা চালায়। মুহূর্তের মধ্যে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় মুরাদ নামে এক হামলাকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে খবর দেয় এলাকাবাসী। এদিকে মন্দিরে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে পাশের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করে। খবর পেয়ে কালিয়াকৈর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইজুদ্দিনের নেতৃত্বে মুসলিমরাও ওই বিক্ষোভ মিছিলে যোগ দিয়ে প্রতিবাদ জানায়। এ সময় মহাসড়কের উভয়পাশে যানজটের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিএনপির নেতাকর্মী, স্থানীয় কাউন্সিলরসহ গণ্যমান্যদের সহযোগিতায় বিক্ষুব্ধ লোকজনকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি এ এফ এম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ সময় স্থানীয়রা একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
