মেহেরপুরে জনপ্রশাসনমন্ত্রীর এক আত্মীয়র গুদাম থেকে সরকারের ত্রাণ ও বরাদ্দের মালামাল উদ্ধার করা হয়েছে। এসব মালামালের বাজারমূল্য প্রায় কোটি টাকা। গত বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত মেহেরপুর শহরের কেশবপাড়ার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে ৫টি ঘর ভর্তি কক্ষ তল্লাশি করা হয়। সেখান থেকে ত্রাণের এবং সরকারি বরাদ্দের শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, কোরআন শরিফ, টিফিন বক্স, ক্রিকেট, ফুটবল সামগ্রী, হুইল চেয়ার, সৌদি খেজুর, গ্যাস সিলিন্ডার, করোনা কিডস, অ্যাপ্রনসহ প্রায় কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। ভাড়া করা এই বাড়িটি সাবেক মন্ত্রীর নিজ বাড়ি থেকে এক কিলোমিটার দূরে শহরে নতুন গড়ে ওঠা একটি আবাসিক এলাকায়। মেহেরপুর সদর উপজেলা সরকারি কমিশনার (ভূমি) গাজী মইদুর রহমান এবং সেনা কর্মকর্তা মেজর জাহিনের নেতৃত্ব টাস্কফোর্স এই অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সুরমান আলী জানান, দেড় বছর আগে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর আত্মীয় ও সহকারী দোলন ৬ হাজার টাকা চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়ে ত্রাণের সরকারি মালামাল মজুদ করে আসছিলেন। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাক বোঝাই করে নিয়ে গেছে আবার মজুদ করেছে। সেগুলো পাচার করে বিক্রি করেছে কি না জানি না। এলাকার বাসিন্দা মফিজুর রহমান বলেন, ত্রাণ ও সরকারি মালামাল মজুদ করা অন্যায় কাজ জানি। কিন্তু মন্ত্রীর ভয়ে এলাকাবাসী কেউ প্রতিবাদ করার সাহস পায়নি। মেহেরপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গাজী মইদুর রহমান বলেন, উদ্ধারকৃত মালামালের জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেওয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহকারী কমিশনার জানান, অভিযানের সময় বাড়ি ভাড়া নেওয়া দোলনকে ফোন করে আসতে বলা হলেও তিনি এসে মালামালের বৈধতা দেখাতে অপারগতা প্রকাশ করেন। তবে সাবেক জনপ্রশাসনমন্ত্রীর ভাতিজা আসিফ সাদেক জানান, অধিকাংশ মালামালই ব্যক্তিগত। সরকারি নয়। যেগুলো বিতরণের জন্য মজুদ রাখা ছিল।
