সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গুলিসহ দুই যুবককে আটক করেছে র্যাব। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, দুটি ম্যাগাজিন ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
শনিবার (৩১ আগস্ট) দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সদর উপজেলার সুলতানপুরের আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন (২৭) ও শেখ শাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (২১)।
র্যাব-৬ এর সাতক্ষীরা কোম্পানি কমান্ডার এএসপি ফয়সাল তানভীর জানান, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন সদর থানায় আগুন দিয়ে অস্ত্র গোলাবারুদ লুট করে দুষ্কৃতিকারীরা। লুটকৃত অস্ত্র বিক্রির উদ্দেশ্যে সাতক্ষীরা শহরের সুলতানপুরে রাখা হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব দুই যুবককে আটক করে।
পরে আটক মেহেদী হাসানের দেওয়া তথ্যমতে ফরহাদ হোসেনের বাড়ির রান্নাঘরের মাটি খুড়ে পুতে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। এসময় থানায় পুড়ে যাওয়া দু’টি মোটরসাইকেলের ধ্বংসাবশেষও উদ্ধার হয়।
আটককৃতদের উদ্ধার করা আলামতসহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এএসপি ফয়সাল তানভীর।
আবাসিক প্রকল্পের পরিচালকের বিরুদ্ধে চাদাঁবাজির অভিযোগ 