এফ-১৬ বিধ্বস্তের পর ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান বরখাস্ত

আপডেট : ৩১ আগস্ট ২০২৪, ০৯:১৭ পিএম

মার্কিন যুদ্ধবিমান এফ-১৬ বিধ্বস্তের ঘটনায় ইউক্রেনের বিমানবাহিনীর কমান্ডার (প্রধান) মাইকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এক ডিক্রি জারি করে তাকে বরখাস্ত করা হয়।

বৃহস্পতিবার ইউক্রেনের সামরিক বাহিনী জানায়, সোমবার রাশিয়ার বড় ধরনের একটি হামলা প্রতিরোধ করার সময় ওই জঙ্গি বিমানটি বিধ্বস্ত ও পাইলট নিহত হন। এর পরদিন শুক্রবার বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করার আদেশ জারি করেন জেলিনস্কি। খবর রয়টার্সের।

নিজের সন্ধ্যাকালীন ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, “আমি বিমান বাহিনীর কমান্ডারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সব সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের সামরিক পাইলটদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

বিমানবাহিনীর প্রধানকে সরিয়ে দেওয়ার কোনো কারণ জানাননি জেলেনস্কি। শুধু বলেছেন, কমান্ড লেভেল শক্তিশালী করা দরকার ছিল। ইউক্রেনের জেনারেল স্টাফ জানিয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল আনাতোলি ক্রিভোনস্কা সাময়িকভাবে বিমানবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালন করবেন।

ইউক্রেইনের সামরিক বাহিনী সোমবারের দুর্ঘটনার কারণ না জানালেও বলেছে, বিমানটি রাশিয়ার একটি লক্ষ্যস্থলের কাছাকাছি যাওয়ার সময় বিধ্বস্ত হয়। সোমবার ওলেশচুক জানান, যুক্তরাষ্ট্রের অংশীদাররা ঘটনাটি তদন্তে সহায়তা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত