উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিলসহ ক্যাডার সার্ভিসে ‘প্রশাসন ক্যাডারের যে আধিপত্য’ রয়েছে, তা থেকে বেরিয়ে নিজেদের যোগ্যতার মূল্যায়নের পাশাপাশি সাধারণ মানুষকে সেবা দেওয়ার সুযোগ চান অন্যান্য ক্যাডারের কর্মকর্তারা।
গতকাল শনিবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ‘আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ’ নামক একটি সংগঠনের ব্যানারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করা হয়। বিসিএস প্রশাসন বাদে বাকি ২৫টি ক্যাডার নিয়ে এ পরিষদ গঠন করা হয়।
সংবাদ লিখিত বক্তব্যে সংগঠনের সদস্য ও জেনারেল এডুকেশন ক্যাডারের (২৪তম ব্যাচ) কর্মকর্তা ফারহানা আক্তার বলেন, ‘বর্তমানে দেশে ২৬টি ক্যাডার রয়েছে। এর মধ্যে শুধু প্রশাসন ক্যাডার ছাড়া বাকিরা বৈষম্যের শিকার।’ উপসচিব পদ থেকে শতকরা ৮০ ভাগেরও বেশি পদ প্রশাসন ক্যাডারের জন্য সংরক্ষিত উল্লেখ করে তিনি বলেন, ‘এ অবস্থার পরিবর্তন জরুরি। যারা যে ক্যাডারে নিয়োগপ্রাপ্ত, তারা যেন সেখানে গুরুত্ব পান, তা দেখতে হবে।’
আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ জানিয়েছে, তাদের দাবির সঙ্গে প্রশাসন ক্যাডার বাদে বাকি ২৫টি ক্যাডারের কর্মকর্তারাই একমত পোষণ করেছেন। উপসচিব ও যুগ্ম সচিব পদে মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগের দাবির পাশাপাশি ক্যাডারের উচ্চ পদগুলোতে পদোন্নতির জটিলতা নিরসনে সব ক্যাডারে প্রয়োজনীয় সুপার নিউমারি পদ তৈরির দাবি করেন তারা।
