আজীবন অবাঞ্ছিত ৬ চিকিৎসক স্থগিত ৬ জনের ইন্টার্নশিপ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৯ এএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) ও হাসপাতালের ছয়জন চিকিৎসককে আজীবন অবাঞ্ছিত ও শিক্ষানবিশ ছয়জন চিকিৎসকের ইন্টার্নশিপ দুই বছরের জন্য স্থগিত করা হয়েছে।

গতকাল শনিবার সকাল থেকে মেডিকেল কলেজের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী এবং চিকিৎসকদের বিক্ষোভের মুখে দুপুরে এ সিদ্ধান্ত নেয় হাসপাতাল এবং মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। এর আগে অভিযুক্ত ১২ চিকিৎসককে অবাঞ্ছিত ও নিষেধাজ্ঞার দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিষয়টি নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম।

জানা গেছে, অবাঞ্ছিত চিকিৎসকরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেওয়া; আন্দোলনরত শিক্ষার্থীদের হুমকি ও চিকিৎসকদের তালিকা প্রণয়ন করে সরকারি সংস্থার কাছে প্রদানের অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা।

অভিযুক্ত চিকিৎসক সবাই আওয়ামী লীগপন্থি চিকিৎসক স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) দায়িত্বশীল নেতা। একই অভিযোগ করা হয়েছে শিক্ষানবিশ ছয় চিকিৎসকের বিরুদ্ধে।

চিকিৎসকরা হলেন স্বাচিপের জেলা সাধারণ সম্পাদক অর্থপেডিকস বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. সুদীপ হালদার, শেবাচিম শাখার সাধারণ সম্পাদক মেডিকেল অফিসার ডা. এসএম সায়েম, শেবাচিম হাসপাতালের সাবেক পরিচালক ডা. বাকির হোসেন, কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এসএম সরোয়ার হোসেন, অর্থপেডিকস বিভাগের আবাসিক সার্জন ডা. মাসরেকুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার ডা. শিরিন সাবিহা তন্বীসহ ছয়জন শিক্ষানবিশ চিকিৎসক।

ইন্টার্নশিপ স্থগিত হওয়া শিক্ষানবিশ ছয় চিকিৎসক হলেন ডা. মহসীন বিভা, ডা. আরিফুজ্জামান ইমন, ডা. সাদনান বাকির, ডা. প্রীতম দেবনাথ, ডা. আর্য্য বিশ্বাস ও ডা. আসিফুল ইসলাম।

এ বিষয়ে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম জানান, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ছয়জন চিকিৎসককে হাসপাতাল ও কলেজ ক্যাম্পাসে আজীবন অবাঞ্ছিত এবং ছয় শিক্ষানবিশের ইন্টার্নশিপ দুই বছর স্থগিত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত