নরসিংদীতে মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩১ পিএম

নরসিংদীর পলাশে জামিয়া ইসলামিয়া এমদাদুল উলুম মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে। ছুটির দরখাস্তকে কেন্দ্র করে মাদরাসাটির দাওরায়ে হাদিসের (মাস্টার্স) ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসানকে বেত দিয়ে পেটানো হয় বলে জানা গেছে।

রোববার (১ সেপ্টেম্বর) ভুক্তভোগী ছাত্র নিজেই নির্যাতনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে অধ্যক্ষের বিরুদ্ধে সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছেন অনেকেই।

ভুক্তভোগী ছাত্র মোহাম্মদ মাহমুদুল হাসান বলেন, অসুস্থ থাকায় গত সপ্তাহের শনি ও রবিবার আমি ক্লাসে অনুপস্থিত থাকি। গত রবিবার ক্লাস ছুটির পর প্রিন্সিপাল স্যারের সঙ্গে দেখা করে নিয়মিত ক্লাস করার কথা বলেছিলাম। গত সোমবার ক্লাস করার সময় স্যার আমাকে দরখাস্ত লিখে জমা দিতে বলেন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে প্রিন্সিপাল স্যার ক্লাসে আসার পর আবারও আমার কাছে ছুটির দরখাস্ত চাইলেন। কিন্তু আমি দরখাস্ত জমা দিতে না পারায় স্যার রাগান্বিত হয়ে ক্লাস রুমের দরজা বন্ধ করে আমাকে বেত দিয়ে বেধড়ক মারধর করে। এতে আমার শরীর লাল হয়ে ফুলে যায়। পরে আমি প্রাথমিক চিকিৎসা নিই, তবে এখনো আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারিনি।

অভিযুক্ত মাদ্রাসার অধ্যক্ষ মুফতি যুবায়ের আহমদ ভৈরবীর মুঠোফোনে একাধিকবার কল করার পরও তিনি রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

পলাশ থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জসিম উদ্দিন জানান, মাদ্রাসা ছাত্রকে বেধড়ক পেটানোর ঘটনা আমার জানা নেই। এই ব্যাপারে আমরা থানায় কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত