নওগাঁ জেনারেল হাসপাতালের আব্দুল জলিল হেমো ডায়ালাইসিস ইউনিটে ভাঙচুর ও চুরি করেছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করলে ডায়ালাইসিস ইউনিটের দায়িত্বে থাকা অফিস সহকারী সুমন আলী অচেতন হয়ে পড়েন। সুমন বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন।
হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী সূত্রে জানা গেছে, রবিবার ভোরে সুমন আলী ইউনিটে ঢুকার সময় দুর্বৃত্তরা চেতনানাশক স্প্রে করলে তিনি অচেতন হয়ে পড়েন। এরপর দুর্বৃত্তরা ইউনিটের দুটি কক্ষের কাচের দরজা ভেঙে ঢুকে আলমারির ড্রয়ার ভেঙে ৫০ হাজার টাকা চুরি করে। সকাল ৬টার দিকে ডায়ালাইসিস ইউনিটে সেবা নিতে আসা রোগীরা সুমনকে মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে বিষয়টি হাসপাতালের কর্তৃপক্ষকে জানান।
