পালানোর সময় এস আলমের ঘনিষ্ঠ ব্যবসায়ী আনছারুল আটক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৮ পিএম

ইসলামী ব্যাংক থেকে নেওয়া ১৪০০ কোটি টাকা ঋণ পরিশোধ না করে দুবাই পালানোর সময় ভোগ্যপণ্য ব্যবসায়ী আনছারুল আলম চৌধুরী (৫৯) নামে এক ব্যক্তি আটক করেছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ।

আজ সোমবার (২  সেপ্টেম্বর) সকাল ৮টায় তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর আজ বিকাল ৪টার দিকে দেশ রূপান্তরকে জানান, ১৪০০ কোটি টাকার ঋণখেলাপি আনছারুল আলম চৌধুরীকে দুবাই যাওয়ার সময় আজ সকালে আটকের পর দুপুরে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।    

পতেঙ্গা থানা সূত্র জানায়, আটক আনছারুল আলম  চোধুরী ভোগ্যপণ্যের পাইকারি  কেন্দ্র চট্টগ্রামের খাতুনগঞ্জের আনছার ট্রেডিং নামে একটি প্রতিষ্ঠানের মালিক। তার বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলায় বলে জানা  গেছে। তিনি এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা একজন ব্যবসায়ী। এস আলমের প্রভাব খাটিয়ে ইসলামী ব্যাংক থেকে ১৪০০ কোটি টাকা ঋণ নিয়ে আর পরিশোধ করেননি তিনি। আনছারুল চট্টগ্রামভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যবসায়ী হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, আটক আনছারুল আলম  চৌধুরী সকাল সাড়ে ৮টায় ইউএস বাংলার একটি ফ্লাইটে দুবাই যাওয়ার জন্য শাহ আমানত বিমানবন্দরে যান। বহির্গমন টার্মিনালে পৌঁছার পর তাকে আটক করে প্রসিকিউশন অফিসারের হেফাজতে নেওয়া হয়। যাচাই—বাছাই করে সংশ্লিষ্টরা দেখতে পান, আনছারুল সিভিল এভিয়েশন ও বিমানবন্দর গোয়েন্দা সংস্থার রাজনৈতিক সন্দিগ্ধ ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত। তিনি ইসলামী ব্যাংকের চাক্তাই শাখা থেকে ১৪০০ কোটি টাকারও  বেশি ঋণ নিয়ে আর পরিশোধ করেননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত