৫ হাজার রুপিতে সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন সালমান

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৪ পিএম

সালমান খান এখন বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতাদের একজন। তবে অভিনেতা হিসেবে তার শুরুর দিনগুলো এমন ছিল না। সালমান খান, সঞ্জয় দত্ত ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘সাজন’ (১৯৯১)-এর পরিচালক লরেন্স ডি’সুজা সেই সিনেমায় অভিনেতাদের কত পারিশ্রমিক দেওয়া হয়েছিল তা সম্প্রতি প্রকাশ করেছেন।

তিনি আরও জানান, কীভাবে মেগাস্টারের সঙ্গে একবার ৫ হাজার রুপিতে চুক্তি করেছিলেন এবং তারপর অল্প সময়ের মধ্যেই তার পারিশ্রমিক ৫ লাখে পৌঁছায়। ফ্রাইডে টকিজের সঙ্গে খোলামেলা আড্ডায় পরিচালক ও সিনেমাটোগ্রাফার লরেন্স ডি’সুজা সালমান খানের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কথা বলেছেন। তিনি সেই দিনগুলোর কথা স্মরণ করেন যখন সালমান খানের পারিশ্রমিক অনেক বেশি বৃদ্ধি পায় এবং প্রতিটি সিনেমা হিট হয়ে ওঠে।

লরেন্স বলেন, আমরা রাজশ্রীতে ‘ম্যায়নে পেয়ার কিয়া’র ট্রায়ালে গিয়েছিলাম। আমি, এস রামানাথন এবং প্রয়াগরাজ আমাদের তিনজনের জন্য স্পেশাল ট্রায়াল (স্ক্রিনিং) রেখেছিল। শুরুতে সিনেমাটা খুব একটা ভালো লাগেনি, কিন্তু সিনেমা যত এগোতে লাগল ততই সালমানকে আমার ভালো লাগা শুরু হলো। ছবিটি দেখার পর এস রামানাথন, যার সঙ্গে আমি প্রতীক নামে একটি সিনেমা করছিলাম, সে বলল, ‘লরেন্স চল সালমানকে সই করি, ওকে কল করো’। তাই আমি সালমানকে ফোন করি। তখন সালমানকে সাইনিং অ্যামাউন্ট ৫ হাজার রুপি দিয়েছিলাম। এস রামানাথনের ছবিটি শুরু করা উচিত ছিল, কিন্তু টাকা দেওয়ার পরে থেমে যান।

‘বম্বে টু গোয়া’ (১৯৭২) এবং ‘মহান’ (১৯৮৩)-এর মতো ছবির জন্য পরিচিত এস রামানাথনের সালমান খানের সঙ্গে বেশ মজার কাহিনি ছিল। লরেন্সের মতে, প্রথমবার সালমানের সঙ্গে একটি সিনেমা তৈরির সুযোগ হাতছাড়া করার পরে, রামানাথন অভিনেতাকে অন্য একটি প্রকল্পের জন্য ৫ লাখ রুপি দিয়েছিলেন যা কখনো হয়নি। এরপর সালমান আরও বড় হিট সিনেমা করার পর নড়েচড়ে বসেন এস রামানাথন। আমরা তাকে ডেকেছিলাম। তখন সালমান বলেন, ‘উনি কেমন মানুষ? আমাকে টাকা দেয় এবং তারপর কিছুই করে না!’

এ ছাড়া ‘সাজন’ সিনেমার প্রসঙ্গ তোলেন লরেন্স। তিনি বলেন, ছবিটি পরিচালনার জন্য তাকে ৮ লাখ, সালমান ও মাধুরী প্রত্যেকে ১১ লাখ এবং সঞ্জয় ১২ লাখ রুপি পেয়েছিলেন। মজার ব্যাপার হলো, বলিউডের ভাইজান সালমান খানের সম্পদের পরিমাণ এখন আনুমানিক ২ হাজার ৯০০ কোটি রুপি। ৫৮ বছর বয়সী সালমান খানকে সামনে এ আর মুরুগাদোসের ‘সিকান্দার ছবিতে দেখা যাবে।

অনলাইন অবলম্বনে এএসএম বুখারী

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত