দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ানের বিরুদ্ধে দুস্থদের চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। চাল বিতরণের তালিকায় নাম থাকলেও চাল পাননি অনেক উপকারভোগী। তবে চাল বিতরণের অনিয়মের অভিযোগ অস্বিকার করেছেন সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। এদিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
আলিহাট ইউনিয়নে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ১৬৬ জন অসহায় ব্যাক্তি ও তাদের পরিবারের জন্য বিশেষ বরাদ্দ দেওয়া হয়। প্রত্যেকের জন্য ২০ কেজি করে চাল বরাদ্দ দেওয়া হয়। কিন্তু ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণকৃত তালিকায় নাম থাকলেও অনেকেই সেই চাল পাননি। সেই তালিকায় ইউপি সদস্যের নাম দিয়ে চাল উত্তোলনের অভিযোগ রয়েছে। এমনকি মৃত ব্যাক্তির নামেও চাল তোলার অভিযোগ উঠেছে। একইভাবে ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণেও অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
তালিকায় নাম থাকা আলিহাট ইউনিয়নের গুমরা গ্রামের হাফিজুর রহমান বলেন, ‘ইউনিয়ন পরিষদ থেকে চাল বিতরণের তালিকায় আমার ও আমার স্ত্রীর নাম রয়েছে। কিন্তু আমরা চাল পাইনি।’
রিকাবি গ্রামের মকবুল হোসেন বলেন, ‘তালিকায় আমার স্ত্রীর নাম রয়েছে। কিন্তু চাল কে তুলে নিয়েছে তা আমরা জানি না। আমাদের জন্য সরকার চাল বরাদ্দ দিচ্ছে, কিন্তু তা আমরা পাচ্ছি না। বিষয়টি সত্যিই দুঃখজনক।’
একই গ্রামের জীবন বেগম বলেন, ‘আশেপাশের অনেক মানুষের নাম তালিকায় আছে, কিন্তু তাদের কাছে গিয়ে শোনা যাচ্ছে কেউই চাল পাননি। গরীবের নাম ভাঙিয়ে চেয়ারম্যান-মেম্বাররাই চাল মেরে ধরে খাচ্ছে।’
অভিযোগকারী আবু মুসা বলেন, ‘বিশেষ বরাদ্দ থেকে ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত অসহায় ব্যাক্তিদের মাঝে বিতরণের জন্য চাল দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সেই চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন। আমি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আশা করি, সুবিচার পাবো।’
আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আলিহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বলেন, ‘আমার বিরুদ্ধে অভিযোগ সত্য নয়। একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায় বলেন, ‘আলিহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। এর তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
