লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা রেলস্টেশনে আন্তঃনগর ট্রেন করতোয়া এক্সপ্রেসের যাত্রাবিরতির দাবিতে অবস্থান কর্মসূচিতে ট্রেন আটকে রেখেছে বৈষম্যবিরোধী ছাত্রসমাজ ও সাধারণ জনতা। প্রায় পাঁচ ঘণ্টা ধরে ট্রেন চলাচল বন্ধ আছে।
আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে লালমনিরহাটে থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা করতোয়া আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি বিকালে বাউরা রেলওয়ে স্টেশনে পৌঁছলে ট্রেনটি আটকে দেয় আন্দোলনকারী শিক্ষার্থীরা।
এ সময় আন্দোলকারীদের একজন শিক্ষার্থী আজিজ উদ্দিন বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এ সময় ট্রেনে যাতায়াতকারী যাত্রী সাধারণ ভোগান্তিতে পড়েন। রাত সোয়া ৯টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ট্রেনটি আটকা আছে। ট্রেনটির যাত্রাবিরতির ব্যাপারে আন্দোলনকারী আরেক শিক্ষার্থী রুশো বসুনিয়া বলেন, পার্শ্ববর্তী স্টেশন সি গ্রেড সেখানে যাত্রাবিরতি দেয় অথচ বাউরা স্টেশনটি বি গ্রেডের এখানে আন্তঃনগর এ ট্রেনটির যাত্রা বিরতি নেই। আমরা এখানেও যাত্রাবিরতির দাবি করছি।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ম্যানেজার আব্দুস সালাম বলেন, বিভাগীয় ঊর্ধ্বতন কতৃর্পক্ষের সাথে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।
