হাসিনা পরিবারের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে রিট

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০১ এএম

পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির যে অভিযোগ উঠেছে তা অনুসন্ধানের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এনডিএম’র (জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন) চেয়ারম্যান ববি হাজ্জাজের পক্ষে হাইকোর্টে এ আবেদনটি করেন আইনজীবী সাহেদুল আজম।

আবেদনে বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বিজ্ঞান ও প্রযুক্তি সচিব, স্বরাষ্ট্র সচিব, পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের প্রকল্প পরিচালক, শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, শেখ হাসিনার বোনের ছেলে টিউলিপ সিদ্দিক ও সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিককে বিবাদী করা হয়েছে। 

আবেদনে অনুসন্ধানে নির্দেশনার পাশাপাশি রূপপুর প্রকল্পে অভিযোগ ওঠা ৫০০ কোটি ডলার দুর্নীতি প্রতিরোধে নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না, অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তের পদক্ষেপ নিতে বিবাদীদের নিষ্ক্রিয়তা বা ব্যর্থতা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুলের আরজি জানানো হয়েছে। ব্যারিস্টার সাহেদুল আজম দেশ রূপান্তরকে বলেন, এ অভিযোগের অনুসন্ধান শুরু করতে গত ২১ আগস্ট দুদকে আবেদন করা হয়েছে। কিন্তু দুদক থেকে এ বিষয়ে কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট আবেদনটি করা হয়েছে। তিনি বলেন, সুপ্রিম কোর্টের অবকাশের পর (৮ সেপ্টেস্বর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত অবকাশ) হাইকোর্টের একটি বেঞ্চে কার্যতালিকায় উঠলে এ রিট মামলাটির ওপর শুনানি হবে।

প্রতিবেদনে বলা হয়, এ আত্মসাতে তাকে সহায়তা করেছেন ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিক। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা রাশিয়ান কোম্পানি রোসাটমের কাছ থেকে একটি পারমাণবিক চুল্লি কেনার নামে এই বিশাল অর্থের লেনদেন করেন। তবে, গত ২৫ আগস্ট এমন খবরকে ‘গুজব’ ও ‘মিথ্যা’ বলে আখ্যায়িত করেন বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মান্টিটস্কি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত