ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে ভূমি দখল ও দশ কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক দুই এমপির বিরুদ্ধে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন হাবিবুল ইসরাম বাবলু নামের এক ব্যবসায়ী।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করলে বিচারক রহিমা খাতুন থানায় এফআইআর হিসেবে নথিভুক্তের নির্দেশ দেন।
মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাতবারে নির্বাচিত সংসদ সদস্য ও আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. দবিরুল ইসলাম, তাঁর দুই ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজন এবং বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমিরুল ইসলাম সুমনসহ ২৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী হাবিবুল ইসলাম বাবলু জানান, বালিয়াডাঙ্গী উপজেলায় তাঁর ৯০ একর জমি রয়েছে। এরমধ্যে ২০ একর জমি তাঁর দখলে রয়েছে। বাকি জমি মামলার আসামীরা দখল করে রেখেছে।
এ বিষয়ে মামলার আইনজীবী জেলা আইনজীবী সমিতির সভাপতি জয়নাল আবেদিন জানান, মামলাটি আমলে নিয়ে থানায় এজাহারের হিসেবে গণ্য করতে বলা হয়েছে। আমরা আশা করছি মামলা নথিভুক্ত করে আসামীদের আইনের আওতায় আনবে পুলিশ।
প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর ঠাকুরগাঁও সদর উপজেলার হরিনারায়নপুর গ্রামে মৃত আব্দুল গফুরের ছেলে ফজলে আলম ওরফে রাসেদ বাদী হয়ে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বাদী হয়ে ঠাকুরগাঁও-১ আসনের সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি মাজহারুল ইসলাম সুজনসহ ৯১ জনের নাম উল্লেখ্য করে একটি হত্যা মামলা দায়ের করেন।
