বন কর্মকর্তাদের ওপর বিএনপি নেতাকর্মীদের হামলা

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১১ পিএম

গাজীপুরের কালিয়াকৈরে অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় স্থানীয় বিট অফিসে ঢুকে বন কর্মকর্তা-কর্মচারীদের উপর হামলা করেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। আজ বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলার জাথালিয়া এলাকায় জাথালিয়া বিট অফিসে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বন কর্মকর্তা-কর্মচারীসহ পাঁচজন আহত হয়েছেন।

আহতরা হলেন— কাচিঘাটা রেঞ্জ কর্মকতার্ সৈয়দ আমিনুল ইসলাম, জাথালিয়া বিট কর্মকতার্ মাসুম উদ্দিন আহম্মেদ, বনপ্রহরী মোজাম্মেল হোসেন ও এনামুল হক এবং স্থানীয় আবুল হোসেন।

এলাকাবাসী ও বনবিভাগ সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমানের ভাই বড়চালা বাজারে বনের জমিতে একটি ঘর তৈরি করেন। খবর পেয়ে কাচিঘাটা রেঞ্জ ও জাথালিয়া বিট অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার সকালে ওই বাজারে উচ্ছেদ অভিযান চালায়। অভিযান চালিয়ে বড়চালা বাজার এলাকায় বনের জমিতে ওই বিএনপি নেতার ভাই আবুল হোসেন নির্মাণাধীন অবৈধ ঘরটি ভেঙে গুড়িয়ে দেয়। অভিযান শেষে বন কর্মকর্তা-কর্মচারীরা জাথালিয়া বিট অফিসে চলে যায়। পরে ওই বিএনপির নেতা আনিছুর রহমানের নেতৃত্বে তার ভাই আবুল হোসেনসহ ২৫-৩০ জনের একটি সংঘবদ্ধ দল লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র নিয়ে ওই বন অফিসে অতর্কিত হামলা চালায়।

অভিযুক্তদের মধ্যে ফুলবাড়িয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিছুর রহমান জানান, বনের জমিতে অনেক ঘর উঠেছে। কিন্তু বনবিভাগের লোকজন সেগুলো না ভেঙে শুধু আমার ভাইয়ের ঘরটি গুড়িয়ে দিয়েছে। এ কারণে ওই বাজারের সবাই মিলে এ ঘটনা ঘটিয়েছে। এ সময় আমার ভাই আবুল হোসেন আহত হন। তবে আমি তাদের ওপর হামলা করি নাই।

কাচিঘাটা রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আমিনুল ইসলাম জানান, আমরা ওই বাজার এলাকায় সরকারি জমি রক্ষা করতে আবুল হোসেনের নবনির্মিত ঘরের খুটি ভেঙে দেয়। পরে সেখানে আর কাজ না করার কথা বলে আমরা অফিসে চলে আসি। কিন্তু ওই বিএনপির নেতা আনিছুর ও তার ভাই আবুল হোসেনে নেতৃত্বে একদল লোক লাঠিসোটা, দেশিয় অস্ত্র নিয়ে বন অফিসে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা আমাদের মারধর করে। বিষয়টি তাৎক্ষণিকভাবে উপজেলা নিবার্হী কর্মকর্তা ও কালিয়াকৈর থানায় জানানো হয়েছে। তবে আইনগত বিধি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

কালিয়াকৈর থানার পরিদর্শক (তদন্ত) তরিকুল ইসলাম জানান, ওই ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত