তুরস্কে গ্রেপ্তার হয়েছেন ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান লিরিডন রেক্সহেপি। গত শুক্রবার (৩০ আগস্ট) ইস্তাম্বুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা (এমআইটি) গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মোসাদের আর্থিক নেটওয়ার্কের প্রধান হিসেবে চিহ্নিত করেছে। রেক্সহেপি তুরস্কে মোসাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে অভিযোগ রয়েছে।
তুরস্কে থাকা মোসাদের ফিল্ড এজেন্টদের কাছে তহবিল হস্তান্তর এবং সিরিয়া থেকে পাওয়া গোয়েন্দা তথ্য সরবরাহ করেছেন ইসরায়েলের এই এজেন্ট। এ ছাড়া মোসাদের নির্দেশে ফিলিস্তিনি রাজনীতিবিদদের বিরুদ্ধে ড্রোন নজরদারি এবং মনস্তাত্ত্বিক অপারেশন পরিচালনা করেছিলেন তিনি।
বার্তা সংস্থাটি আরো জানায়, ইস্তাম্বুল পুলিশ ৩০ আগস্ট একটি বিশেষ অভিযান চালিয়ে মোসাদের পক্ষে অর্থ স্থানান্তরের অভিযোগে রেক্সহেপিকে আটক করে। এরপর আদালতে শুনানির পর রেক্সহেপিকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করা হয়। আদালতে তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেছেন রেক্সহেপি।
রেক্সহেপিকে অনেক দিন ধরেই সন্দেহের তালিকায় রেখেছিলেন তুরস্কের গোয়েন্দারা। ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেনসহ তার সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডের ওপর নজর রাখা হয়। চলতি বছর মোসাদের সঙ্গে সম্পর্ক থাকার সন্দেহে ২০ জনেরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে তুরস্ক।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান ইসরায়েলকে গাজায় গণহত্যার জন্য অভিযুক্ত করেছেন এবং আন্তর্জাতিক আদালতে শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এছাড়া ইসরায়েলকে সমর্থন করার জন্য পশ্চিমা দেশগুলোর সমালোচনাও করেছেন তিনি। তিনি ইসরায়েলকে নাৎসি জার্মানির এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন।
জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার আশ্বাস রাহুলের