ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের তালিকা করা হচ্ছে জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে।
গতকাল বুধবার রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহত বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শফিক উদ্দিন আহমেদ আহনাফের (১৭) বাসায় যান উপদেষ্টা নাহিদ ইসলাম। সেখানে আহনাফের পরিবারের সঙ্গে সাক্ষাতের সময় এ তথ্য জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের দেশ মনে রাখবে। নাম না জানা অনেক ছাত্র-জনতা এ আন্দোলনে শহীদ হয়েছেন। তাদের তালিকা করা হচ্ছে। এখন পর্যন্ত ৮০০ জনের নাম পাওয়া গেছে।’
তিনি আরও বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে। গণ-অভ্যুত্থানে ছাত্ররা যেভাবে রাস্তায় নেমে এসেছিল, তাদের আত্মত্যাগের ফলে আজ আমরা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই শহীদদের জন্যই আমরা বেঁচে আছি। স্বাধীনভাবে প্রাণ খুলে কথা বলতে পারছি। শিগগিরই সব শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটি স্মরণসভা করা হবে। সেখানে আপনাদের উপস্থিতি কাম্য।’
তথ্য উপদেষ্টা আহনাফের ছোট ভাইয়ের পড়াশোনার খোঁজখবর নেন এবং যেকোনো সময়, যেকোনো প্রয়োজনে পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন। এ সময় বাসায় আহনাফের মা-বাবা, দুই ভাই ও খালা উপস্থিত ছিলেন।
