হৃদরোগ হাসপাতালের নতুন পরিচালক ওয়াদুদ চৌধুরী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:০৬ পিএম

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী। তিনি এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। নতুন এই পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিনের স্থলাভিষিক্ত হলেন।

নতুন পরিচালক অধ্যাপক ডা. ওয়াদুদ চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, হৃদরোগ হাসপাতালকে সেন্টার অফ এক্সিলেন্সে এ পরিণত করব। আমার লক্ষ্য হবে এই হাসপাতালের সেবার মান বৃদ্ধি করা। রোগীরা যেন সম্মানের সঙ্গে সেবা পান তা নিশ্চিত করার চেষ্টা করব।

পাশাপাশি গণমাধ্যমের কার্যকর সহযোগিতা চান এই হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি বলেন, যেকোনো ভুলত্রুটি গণমাধ্যমের চোখে সবার আগে ধরা পড়ে। গণমাধ্যম সত্য ও সুনির্দিষ্ট তথ্য উপস্থাপন করলে আমার কাজ আরও সহজ হবে। তবে তথ্য পরিবেশনের আগে এর সঠিকতা যাচাই করার অনুরোধ ও জানান তিনি।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. আবু রায়হান দোলন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/সাস্থ্য সার্ভিসের কর্মকর্তা ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরীকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক পদে বদলি/পদায়ন করা হলো। বদলি/পদায়নকৃত এই কর্মকর্তা আগামী ৩ (তিন) কর্ম দিবসের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় পরবর্তী কর্ম দিবসে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অব্যাহতি মর্মে গণ্য হবেন।

এতে আরও বলা হয়েছে, অবমুক্তির সময় তিনি বর্তমান কর্মস্থল হতে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন এবং যোগদানের পর ন্যস্তকৃত বিভাগে/কর্মস্থলে মুভ ইন হবেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত