ভুটানের বিপক্ষে একাদশে নেই জামাল ভুইয়া, অধিনায়ক তপু

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

ভুটানের থিম্পুতে আজ বাংলাদেশ সময় বিকেল ৬টায় স্বাগতিকদের সাথে ২ ম্যাচ ফিফা প্রীতি সিরিজের প্রথমটি খেলতে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। প্রথম ম্যাচের শুরুর একাদশ বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা সাজিয়েছেন নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়াকে ছাড়া। সম্প্রতি শেষ হওয়া দলবদলে কোন দল জামালকে নেয়নি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে এই দুটি ম্যাচ জামালের ভীষণ গুরুত্বপূর্ণ। তবে কোচের শুরুর কৌশলে জামাল থাকছেন না। হয়তো বদলী হিসেবে দেখা যাবে তাকে। অভিজ্ঞ তপু বর্মণের ওপর থাকবে নেতৃত্বের দায়িত্ব।

৪-৩-৩ ফরম্যাশনে মাঝমাঠে দুই সোহেল রানার সঙ্গে থাকবেন মোহাম্মদ হৃদয়। গোলকিপার মিতুল মারমার সামনে  ব্যাক ফোর হিসেবে রক্ষণ সামলাবেন অভিজ্ঞ তপু বর্মণ, শাকিল আহমেদ, বিশ্বনাথ ঘোষ ও সাদউদ্দিন। 

আর গোলের দায়িত্বে রাকিব হোসেন ও শেখ মোরসালিনের সঙ্গে ইনজুরি থেকে ফেরা ফয়সাল আহমেদ ফাহিম যোগ দেবেন।
তিন মাস পর বাংলাদেশ আড়মোড়া ভাঙছে আজ বিকেলে। ২০১৬ সালে এই মাঠে ভুটানের কাছে প্রথম ও এক মাত্র হারের স্বাদ পেয়ে প্রায় দেড় বছরে আন্তর্জাতিক নির্বাসনে চলে যেতে হয়েছিল বাংলাদেশকে। 

এটি হতে যাচ্ছে দু'দলের ১৫তম মুখোমুখি লড়াই। আগের ১৪ ম্যাচের ১১টি বাংলাদেশ জিতেছে। ভুটানের এক জয়ের বিপরীতে ড্র দুই ম্যাচে। সর্বশেষ ২০২৩ সালে বেঙ্গালুরু সাফে বাংলাদেশ জিতেছিল ৩-১ ব্যবধানে।

শুরুর একাদশ: মিতুল মারমা (জিকে), তপু বর্মণ, শাকিল আহমেদ, সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা, সোহেল রানা জুনিয়র, ফয়সাল আহিমেদ ফাহিম, রাকিব হোসেন ও শেখ মোরসালিন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত