ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজে যোগদানের পর হঠাৎ শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। পরে কারখানার অন্যান্য শ্রমিকরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার জামিরদিয়া এলাকায় অবস্থিত এল এস্কোয়্যার লিমিটেড নামে গার্মেন্টস কারখানায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এল এস্কোয়্যার লিমিটেড নামে পোশাক কারখানায় তিনটি সেকশনে ৩ হাজার নারী ও পুরুষ শ্রমিক কর্মরত রয়েছেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কারখানার ৫ তলায় নারী শ্রমিকরা কাজে যোগদান করেন। কিন্তু কিছুক্ষণ পরই হঠাৎ করে তারা অসুস্থ হয়ে মেঝেতে পড়ে যেতে শুরু করেন এবং একে একে প্রায় শতাধিক নারী শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। এ সময় অনেকের শ্বাসকষ্ট, বমি ও খিচুনিসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। পরে কারখানার বিভিন্ন স্টাফ ও পুরুষ শ্রমিকরা তাদেরকে স্থানীয় পপুলার হসপিটাল ও ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন।
অসুস্থ শ্রমিকদের অভিযোগ, তারা অসুস্থ হয়ে পড়লে কোম্পানির কর্মকর্তারা তাদেরকে হাসপাতালে নিয়ে আসেনি। তাদের সহকর্মীরা নিজ দায়িত্বে তাদের হাসপাতালে ভর্তি করান।
পোশাক কারখানার অ্যাডমিন (এইচআর) মুঞ্জুরুল মুর্শেদ জানান, কি কারণে এতো নারীশ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না।
ভালুকা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) তাছলিমা আক্তার জানান, পানি খাওয়ার পর জীবাণু বা পেটে গ্যাসের কারণে এমনটা হতে পারে। তবে, সঠিক কারণ জানার জন্য বিষয়টি নিয়ে অধিকতর পর্যালোচনা করা হচ্ছে।
দুই ছেলেসহ ডা. রবিউলের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা
‘বিনা লাভের বাজার’