মোরসালিনের একমাত্র গোলে থিম্পু দুঃস্মৃতি ভোলালো বাংলাদেশ

ভৃুটান ০-১ বাংলাদেশ

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ পিএম

সমুদ্রপৃষ্ঠ থেকে ২৪০০ মিটার উচ্চতার থিম্পুতে বাংলাদেশী খেলোয়াড়দের খেলা মোটেই সহজ নয়। ঢাকার উচ্চতা যেখানে ৬০ মিটার, সেখানে থিম্পুতে একটু দৌঁড়ালেই হাফ ধরে যায়। শুরু হয় শ্বাস-প্রশ্বাসের সমস্যা। তার উপর সিনথেটিক টার্ফে খেলেও অভ্যস্থ নন বাংলাদেশের ফুটবলাররা। এর সঙ্গে দীর্ঘ তিন মাসের বিরতি যোগ করলে ভুটানের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে খেলাটা বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ উতরে প্রীতি সিরিজের প্রথম ম্যাচটা জিতেছে বাংলাদেশ। পঞ্চম মিনিটে ভুটান গোলকিপার শেরিং ধেনদুপের ভুলে শেখ মোরসালিনের গোলেই নির্ধারিত হয় ম্যাচের ফলাফল। রবিবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি খেলবে দুদল।

আবহাওয়া, প্রতিপক্ষের মাঠ-দর্শক ভাবনায় রেখে কাবরেরা চেয়েছেন যে করেই হোক ম্যাচটা জিততে। এটাই যে চলতি বছর তার দলের প্রথম জয়। সেই সঙ্গে থিম্পু দুঃস্মৃতি ভোলানোর একটা তাড়না ছিল আগে থেকেই। ২০১৬ সালে এ মাঠেই ভুটানের কাছে প্রথম ও একমাত্র হারের তেতো স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবার আর সেরকম কিছু হতে দিতে চায়নি বাংলাদেশ। তাই পুরোটা সময় খেলেছে সতর্ক থেকে। 

ভুটান অবশ্য চেষ্টা করেছে আক্রমণাত্মক মেজাজে খেলে আরেকবার বাংলাদেশকে হারের লজ্জা দিতে। সেভাবেই শুরু করেছিল তারা। তবে ম্যাচের পঞ্চম মিনিটে ধারার বিপরীতে গোল হজম করতে হয় গোলকিপার ধেনদুপের ভুলে। ডানদিক দিয়ে আক্রমণে উঠে গোলমুখে ক্রস ফেলেছিলেন রাকিব। ভুটান কিপার সেটা ক্লিয়ার করতে গিয়ে সামনে থাকা মোরসালিনের পায়ে তুলে দেন। হালকা প্লেসিংয়ে গোলের আনুষ্ঠানিকতা সাড়েন এই ফরোয়ার্ড।

বিরতি শেষে কাবরেরা মাঠে পাঠান শাহরিয়ার ইমনকে। ম্যাচের ৫০ মিনিটে ভুটান অবশ্য বল জালে জড়িয়েছিল।  সতীর্থের ফ্রি-কিক থেকে ভুটানের এক ফরোয়ার্ড ব্যাকহিলে বল জালে জড়ান, তবে তার আগেই অফসাইডের বাঁশি বাজান রেফারি। ম্যাচের ৬১ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমকে তুলে নিয়ে মাঠে পাঠানো হয় সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের শিরোপাজয়ী বাংলাদেশ দলে ফরোয়ার্ড রাব্বি হোসেন রাহুলকে।

এই ম্যাচের একাদশে জায়গা হয়নি বাংলাদেশের নিয়মিত অধিনায়ক জামাল ভুঁইয়ার। তার জায়গায় দলের নেতৃত্ব দিয়েছেন তপু বর্মণ। জামাল অবশ্য শেষ দিকে নেমেছিলেন। তবে সেভাবে চেনাতে পারেননি নিজেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত