বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু সাঈদের রক্তের গন্ধ এখনো শুকায়নি, এর মধ্যেই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাদের অশান্তিতে রাখার আলামত আমরা দেখতে পাচ্ছি। ড. মুহাম্মদ ইউনূস সরকারকে এখনো রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার চক্রান্ত চলছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ষড়যন্ত্র শীর্ষক’ প্রতিবাদ সমাবেশে ফারুক এ কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, ‘খুনি হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করতে হবে। যেসব পুলিশ কর্মকর্তা শেখ হাসিনার নির্দেশে গণতান্ত্রিক আন্দোলনে গুলি চালিয়েছে, তাদের অনেকে বহাল তবিয়তে আছে, কার কাছে আছে জানি না। তাদের অবিলম্বে আইনের আওতায় আনতে হবে। তা না হলে ছাত্র সমাজের আত্মাহুতি, শান্তি পাবে না।’
