রূপগঞ্জে ছাত্রদল নেতাসহ তিনজনকে কুপিয়ে হত্যাচেষ্টা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ এএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছাত্রদলের এক নেতাসহ তিনজনকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। গত বুধবার রাতে উপজেলার রূপসী-কাঞ্চন সড়কের বেলতলা নামক এলাকায় তাদের ওপর এ হামলা হয়।

আহত ছাত্রদল নেতা দোলন ভূঁইয়াকে (২৮) জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। তিনি রূপগঞ্জের ভুলতা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। আহত অন্য দুজন হলেন দোলনের চাচা আবদুস সামাদ ভূঁইয়া (৬২) ও আনোয়ার হোসেন (৪৮)। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, দোলন ভূঁইয়াদের ফসলি জমির ওপর দিয়ে একই গ্রামের ফসিউজ্জমানের ছেলে সাবিত ভূঁইয়ার ড্রেজারের বালুর পাইপ বসানোকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে ৪০-৪৫ সদস্যের একদল সন্ত্রাসী রামদা, ছেনি, চাইনিজ কুড়াল, লোহার রডসহ অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দোলন ভূঁইয়াসহ তিনজনের ওপর হামলা চালায়। হামলাকারীরা দোলনের হাত ও পায়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে প্রাণনাশের হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি জুবায়ের হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত