আয়ারল্যান্ডের স্পিনিং অল-রাউন্ডার সিমি সিং মারাত্মক শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করছেন। বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, ৩৭ বছর বয়সী সিমি সিং গুরুতর লিভার সমস্যায় ভুগছেন। সুস্থ হয়ে উঠতে তার লিভার প্রতিস্থাপন করাতে হবে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, চলতি গ্রীষ্মের শুরুতে চিকিৎসার জন্য নিজের শেকড় ভারতে গিয়েছেন সিমি সিং। তিনি গুরগাওয়ের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার স্ত্রী আগামদীপ তাকে লিভারের অংশ দান করবেন বলে জানা যাচ্ছে। সিমি সিংয়ের শ্বশুর পারবিন্দর সিং টাইমস অফ ইন্ডিয়াকে বলেছেন, ‘খুব শীঘ্রই লিভার প্রতিস্থাপন করা হবে। চিকিৎসকরা আশাবাদী, ইতিবাচক ফল আসবে এবং তাকে নতুন জীবন দেবে।’
ক্রিকেট আয়ারল্যান্ডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা খুব খারাপ খবর পেয়েছি যে, আমাদের বন্ধু সিমি সিং বর্তমানে প্রাণঘাতী স্বাস্থ্য সমস্যার সঙ্গে লড়াই করছেন। ক্রিকেট আয়ারল্যান্ড এবং বৃহত্তর আইরিশ ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে সিমিকে আমাদের শুভকামনা জানাতে চাই এবং তার জন্য আমরা প্রার্থনা করি। তিনি নতুন এক লড়াই শুরু করেছেন।’
আয়ারল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩৫ ওয়ানডে ও ৫৩ টি-টোয়েন্টি খেলেছেন সিমি। ২০২১ ও ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি খেলেছেন।
বাংলাদেশের প্রধান কোচ হতে আগ্রহী মুশতাক আহমেদ
আর্জেন্টিনাকে অন্যদের চেয়ে সেরা ভাবেন না স্কালোনি