ছাত্র আন্দোলনে শহীদ ৭ পরিবারকে জামায়াতে ইসলামীর আর্থিক সহায়তা

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:২১ পিএম

শরীয়তপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ৭ জনের পরিবারকে ১৪ লাখ টাকা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠানে জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ অর্থ বিতরণ করা হয়।

জেলা জামায়াতের আমির ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আব্দুর রব হাসেমীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের নায়েবে আমির কেএম মকবুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মজলিসে শূরা সদস্য সাবেক এমপি এ এইচ এম হামিদুর রহমান আজাদ। 

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। এ স্বাধীনতাকে নসাৎ করার জন্য একটি মহল গোপনে তৎপর হয়ে আছে, তাই আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। প্রয়োজনে জাতীয় ঐক্য গঠন করতে হবে। কোনো দখলদারের কাছে দেশকে ছেড়ে দেয়া যাবে না। হত্যা, নির্যাতন, খুন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। যারা খুনের সাথে জরিত তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, গণ-অভ্যুত্থানের আন্দোলনে  নিহতদের পরিবারের জন্য জামায় ইসলাম কাজ করে যাবে। আহতদের চিকিৎসা খরচ দেয়া হবে ইনশাআল্লাহ। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক জেলা আমির ও ফরিদপুর অঞ্চল সদস্য মাওলানা খলিলুর রহমান। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা মজলিসে শূরা সদস্য মাওলানা জাফর আহাম্মদ, জেলা জামাতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী ইলিয়াস, ডামুড্যা পৌরসভা আমির ও জেলা শূরা সদস্য মো. আতিকুর রহমান কবিরসহ জেলা ও উপজেলা জামায়াত ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত